কাঁকড়া চিংড়ির মতো হাঁটবে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁকড়া, লবস্টার (গলদা চিংড়িজাতীয় সামুদ্রিক প্রাণী) ও মাকড়সা যেভাবে হাঁটে, সেভাবে হাঁটবে রোবট। ইউরোপীয় গবেষকেরা এমনটিই দাবি করেছেন। গবেষকেরা জানান, রোবটের নিয়ন্ত্রণ উপাদানে ইতিমধ্যে এমন সব সফটওয়্যার সংযোজন করা হয়েছে যে রোবট ওই সব প্রাণীর হাঁটার ধরন নকল করতে পারবে এবং সেভাবে হাঁটবে। এ ছাড়া সংযোজন করা হয়েছে ছন্দোময় প্রণোদনা। এই প্রণোদনা রোবটকে কাঁকড়া ও মাকড়সার মতো হাঁটতে সাহায্য করবে। ছন্দোময় প্রণোদনা পরিচিত সেন্ট্রাল প্যাটার্ন জেনারেটরস (সিপিজিএস) হিসেবে। এগুলোর আরেক নাম নিউরাল সার্কিটস। রোবট তৈরির সঙ্গে জড়িত স্পেনের গবেষক ফার্নান্দো হেরেরো জানান, সিপিজিএস রোবটের শরীরকে বারবার একইভাবে নড়াচড়া করতে সাহায্য করবে। এর ফলে রোবট যেখানে খুশি যেতে পারবে, যতবার খুশি নড়াচড়া করতে পারবে। এখানে কোনো ধরনের বাধা থাকবে না বা কোনো সুনির্দিষ্ট নিয়ম মানতে হবে না। জটিল পথে রোবটের হাঁটার প্রয়োজন হলে সিপিজিএস সব পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে রোবটকে হাঁটতে সাহায্য করবে। কাঁকড়া বা মাকড়সার মতো হাঁটার কারণে রোবট অনেক দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। এর ফলে মানুষ রোবটকে দিয়ে যেসব কাজ করাতে চায়, তা দ্রুত সম্পন্ন হবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান