কাগজ থেকে বিদ্যুৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের বিখ্যাত ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান সনি গত বৃহস্পতিবার নতুন একটি প্রযুক্তির তথ্য প্রকাশ করেছে। এই প্রযুক্তি ব্যবহার করে টুকরো কাগজ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে পরিবেশবান্ধব পণ্যের এক মেলায় সনি দর্শনার্থীদের সামনে টুকরো কাগজ থেকে বিদ্যুৎ উৎপাদন করে দেখায়। সনির কর্মকর্তারা পানি ও এনজাইমের একটি মিশ্রণের ওপর এক টুকরো কাগজ রেখে কয়েক মিনিট অপেক্ষা করেন। এরপর ওই মিশ্রণের সামনে একটি ছোট ফ্যান রেখে তা চালু করা হয়। এরপর পানি ও এনজাইমের ওই মিশ্রণটি বিদ্যুতের একটি উৎসে পরিণত হয়। সনির জনসংযোগ কর্মকর্তা চিসাতো কিতসুয়াকা জানান, বিদ্যুৎ পাওয়ার এটি সবচেয়ে সহজ উপায়। এটি সাশ্রয়ীও বটে। সহজ কৌশলে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও সনি চিনির সাহায্যে ‘বায়োব্যাটারি’ তৈরি করছে। কিতসুয়াকা বলেন, ‘আমরা এখন পরিবেশবান্ধব পণ্য তৈরির দিকে নজর দিয়েছি। বায়োব্যাটারি খুবই পরিবেশবান্ধব একটি ব্যাটারি। এটি তৈরিতে কোনো ধরনের ধাতু বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়নি।’ সনি ২০০৭ সালে প্রথম চিনি থেকে ব্যাটারি তৈরির প্রযুক্তি উদ্ভাবন করে। তারাই প্রথম ব্যাটারির আকার কমিয়ে একটি পাতলা কাগজের আকৃতিতে পরিণত করে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান