কাগজেই স্মার্টফোন!
কানাডার একদল গবেষক ইলেকট্রনিক কাগজ দিয়ে একটি নমনীয় (ফ্লেক্সিবল) স্মার্টফোনের প্রটোটাইপ বা মূলরূপ তৈরি করেছেন। তাঁরা এর নাম দিয়েছেন পেপারফোন। বাজারে প্রচলিত স্মার্টফোনের মতো পেপারফোনেও কাউকে ফোন করা, অন্যের ফোন ধরা, বার্তা পাঠানো, গান শোনা ও ই-বুক পড়া যাবে। গবেষক দলের প্রধান রোয়েল ভারটেগাল এক বিবৃতিতে বলেন, আগামী পাঁচ বছরের মধ্যেই পেপারফোন মানুষের হাতে পৌঁছে যাবে। তিনি বলেন, ‘আমার ধারণা, এটি ব্যাপক জনপ্রিয়তা পাবে।’ রোয়েল ভারটেগাল আরও জানান, কম্পিউটারটি দেখতে হবে একেবারেই সাধারণ। হাতে নিলে কাগজ ধরলে যেমন অনুভূতি হয়, তেমনই অনুভূতি হবে। এটিকে ইচ্ছেমতো বাঁকানো ও ভাঁজ করে রাখা যাবে। এতে রয়েছে একটি টাচস্ক্রিন, যেখানে ইচ্ছে করলে কলম দিয়ে লেখাও যাবে। ছুড়ে ফেলে দিলেও অসুবিধা নেই, এটা ভাঙবে না। কানাডার কুইন্স ইউনিভার্সিটির হিউম্যান মিডিয়া ল্যাবের গবেষকেরা এই পেপারফোনের প্রটোটাইপ তৈরি করেছেন। তাঁদের সহযোগিতা করেছেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মোটিভেশনাল এনভায়রনমেন্টস রিসার্চ গ্রুপ। পেপারফোনের প্রটোটাইপ কাল মঙ্গলবার কানাডার ভ্যানকুভারে কম্পিউটার হিউম্যান ইন্টারঅ্যাকশন কনফারেন্সে প্রদর্শিত হবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান