কাগজের বইয়ের পাশাপাশি মেলায় আছে ই-বইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার বইমেলায় তথ্যপ্রযুক্তির ব​ই নেড়েচেড়ে দেখছেন কয়েকজন তরুণ l সুমন
বৃহস্পতিবার বইমেলায় তথ্যপ্রযুক্তির ব​ই নেড়েচেড়ে দেখছেন কয়েকজন তরুণ l সুমন

স্টলের দেয়ালে ঝুলছে নানা বইয়ের প্রচ্ছদ। কিন্তু মাত্র পাঁচটি বই রয়েছে তাতে। পাশাপাশি রয়েছে ট্যাব, স্মার্টফোন। এসব ইলেকট্রনিক যন্ত্র ঘিরে দর্শনার্থীর জটলা স্পষ্ট। এটি বাংলা একাডেমি চত্বরে গত বৃহস্পতিবার বিকেলের দৃশ্য। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬-এ ই-বইয়ের প্রকাশক সেইবইয়ের (sheiboi.com) স্টল এটি। সেখানে স্মার্টফোনে ব্যস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুদ্দিনের সঙ্গে কথা হয়। পাতা উল্টিয়ে নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার বদলে ইলেকট্রনিক বই পড়ার অনুভূতি কেমন জানতে চাইলে তিনি বলেন, সহজেই ই-বই পড়া যায়। পরিবহনের ঝামেলাও নেই। এবারের মেলায় বেঙ্গল ই-বই (bengaleboi.com) ও চড়ুই ডটকম (www.chorui.com) নামে আরও দুটি ই-বইয়ের স্টল রয়েছে। এসব স্টল থেকে ই-বইয়ের খোঁজ পাওয়া যায়। এগুলো ইন্টারনেট থেকে যেমন কেনা যায়, তেমনি বিনা মূল্যেও নামিয়ে নেওয়া যায়।
মেলা উপলক্ষে বাংলা একাডেমি চত্বরে বিনা মূল্যে ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করা যাচ্ছে। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির উদ্যোগে এটি চালু করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে মেলার বড় অংশটিতে আছে বিজয় ডিজিটালের স্টল। এখানে পাওয়া যাচ্ছে বিজয় বাংলা সফটওয়্যার ও বিজয় শিক্ষামূলক সফটওয়্যার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিলেবাস অনুসারে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ের ডিজিটাল সংস্করণ এনেছে হাক্কানী পাবলিশার্স।
প্রযুক্তিপ্রেমীদের জন্য মুদ্রিত বইও কম নেই বইমেলায়। এবারের মেলায় এরই মধ্যে বেশ কিছু নতুন বই প্রকাশিত হয়েছে। এসব বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বেশি। মেলায় প্রযুক্তির বই কিনতে এসেছিলেন চাকরিজীবী তরুণ হামিদুল হক। তিনি বললেন, ‘কম্পিউটারের বিভিন্ন বিষয় শেখার জন্য মেলায় বই কিনতে এসেছি।’
সিসটেক পাবলিকেশনস মূলত তথ্যপ্রযুক্তির বই প্রকাশ করে থাকে। এবারের বইমেলায় প্রকাশ করেছে মাহবুবুর রহমানের লেখা আইসিটি অভিধান, মুনিরুল হাসানের স্মার্টফোনের বহুমুখী ব্যবহার এবং এ বি এম রেজাউল ইসলামের ইমেজ প্রসেসিং এবং রোবটিক ভিশন। এ ছাড়া প্রোগ্রামিং-এ হাতেখড়ি, অনলাইনে অর্থ উপার্জন, কম্পিউটার নেটওয়ার্কিং, এফিলিয়েটেড মার্কেটিংসহ আরও কয়েকটি এই মেলাতেই আসবে বলে জানালেন সিসটেক পাবলিকেশনসের বিপণন ব্যবস্থাপক মুজিবুর রহমান। তিনি আরও বলেন, আগের চেয়ে এবার প্রযুক্তির বইয়ের চাহিদা বেড়েছে। মেলায় জ্ঞানকোষ প্রকাশনীর স্টলেও রয়েছে বেশ কিছু প্রযুক্তি-বিষয়ক বই।
বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী বিজ্ঞানের নানা পরীক্ষা করার উপকরণ জ্ঞানবাক্স পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বরে অন্যরকম প্রকাশনীর স্টলে। তড়িৎ, চুম্বক ও আলো-বিষয়ক পরীক্ষণের জন্য তিনটি আলাদা বিজ্ঞান বাক্স এনেছে প্রতিষ্ঠানটি। এদিকে মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে বই বিক্রি করছে ই-কমার্স ওয়েবসাইট রকমারি (www.rokomari.com)। মেলায় আসা নতুন বইয়ের হালনাগাদ তথ্যও এতে রয়েছে।