প্রেমিকা: দেখো, এভাবে রোজ পালিয়ে ডেটিং করতে আমার ভালো লাগে না। তুমি কালকেই আমার বাসায় প্রস্তাব পাঠাবে।
প্রেমিক: পাঠাতেই তো চাই। কিন্তু রোজি, সালমা, জুলি, সুজানা—সবাই আমাকে খুব ভালোবাসে। ওদের সঙ্গে ব্রেকআপে গিয়ে কীভাবে যে তোমাকে বউ বানাই!
মা: জলি, এই লকেটটা কবে কিনলি, মা?
জলি: মা, এটা মুরাদ আমার জন্মদিনে দিয়েছে। মেড ইন সিঙ্গাপুর। দারুণ না?
মা: ইশ্! ঠিক এ রকম একটাই সেদিন সোনার দোকান থেকে আনার পথে ব্যাগটা ছিনতাই হয়ে গেল। বদমাশ বাইকওয়ালা!
সাংবাদিক: আপনার এ রকম ভালো রেজাল্টের পেছনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন?
ছাত্রী: মা-বাবা, শিক্ষক আর আমার নিজের চেষ্টা তো ছিলই।
ছাত্র: ডাহা মিথ্যা কথা, সাংবাদিক ভাই! ওর সব ল্যাব রিপোর্ট, অ্যাসাইনমেন্ট আমি করে দিয়েছি। ক্লাস টেস্টের প্রক্সিও দিয়েছি। ফাইনালের অঙ্ক পরীক্ষার দিন ওর খাতা টেনে নিয়ে আমি না লিখলে ও অজ্ঞান হয়ে যেত প্রশ্ন দেখে।
প্রেমিকা (একটা শো-পিস হাতে): কী সুন্দর! থ্যাংক ইউ, জান!
প্রেমিক (মনে মনে): বাঁচা গেল। ভাগ্যিস গত বছর টিনার দেওয়া গিফটটা ছিল। আমার পকেট তো গড়ের মাঠ!
প্রেমিক (প্রেমিকাকে): সরি, তৃষা। আম্মু রাজি হচ্ছেন না। উনি আমার জন্য লম্বা, ফরসা, সুন্দরী বউ চান।
প্রেমিক (মাকে): তৃষাকে অনেক বোঝালাম, আম্মু। ও নাকি এই বাড়িতে থাকতে পারবে না। তুমি বরং সুমির মায়ের কাছেই প্রস্তাব পাঠাও।
স্ত্রী (বাসরঘরে): অ্যাই, আমাকে কেমন লাগছে?
স্বামী: উম্ম্, সুন্দর। তবে মেকআপটা একটু বেশিই হয়ে গেছে। আমি চিনতেই পারছিলাম না।
স্ত্রী: যাক! তাহলে তোমাদের আনা ওই ফটোগ্রাফার মন্টুও চেনেনি। আহা রে, মদনটা কালকেও ডিএসএলআর ক্যামেরা নিয়ে আমার জন্য ভার্সিটিতে অপেক্ষা করবে।