কাছের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

এই তো প্রায় তিন বছর আগে। গ্রীষ্মের ছুটিতে চাঁদপুর গিয়েছিলাম। সেদিন পরিবারের সবাই মিলে চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার উদ্দেশে ট্রেনে উঠেছিলাম। আমি সব সময়ই ট্রেনের যাত্রা খুব পছন্দ করি। সেবারও বরাবরের মতো উল্লসিত ছিলাম কিন্তু স্টেশনের ভিড় আর মানুষের কোলাহলের শব্দ আমার মস্তিষ্কে ব্যাঘাত ঘটিয়েছে। যার ফলে প্রচুর মাথাব্যথা করছিল। আমার সামনের সিটে কেউ ছিল না, খালি ছিল। আরাম করে জানালার পাশে হেলান দিয়ে চোখ বন্ধ করে ছিলাম আর কখন যেন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সাধারণত আমি যাত্রাপথে ঘুমাই না। যাত্রাপথে যারা ঘুমায়, তাদের আমি দেখি আর প্রকৃতি দেখি।
যখন চোখ খুললাম, তখন দেখি আমার সামনের যে সিটটি খালি ছিল, সেখানে একটি ছেলে বসে আছে এবং সে আমাকে দেখছে। তখন ভাবছিলাম, আচ্ছা, অন্যরা যখন ঘুমিয়ে থাকে, তখন আমি তাদের দেখি কিন্তু আজ আমি ঘুমিয়ে যাওয়ার পর ছেলেটা আমাকে দেখছিল না তো? দেখে ভদ্র আর শিক্ষিতই মনে হয়েছে। ভাবনা ছেড়ে জানালার পাশে চোখ সরিয়ে নিলাম। আমার আপু আমাকে জেগে উঠতে দেখে জিজ্ঞেস করল, আমার মাথাব্যথা কমেছে কি না? আমি বলেছি, একটু একটু আছে। কিছুক্ষণ পর একটা ছেলে এল চা বিক্রি করতে। আমার সামনের সিটের ছেলেটা এক কাপ চা নিল আর আমার আপুকে বলল, আপু, চা খাবেন? চা খেলে ক্লান্তি দূর হয়ে যাবে আর মাথাব্যথাও কমে। কথাটা আমার কানে গেল, আমি বুঝতে পারলাম কথাটা আমাকে উদ্দেশ করে বলেছে। আমি একটু বিব্রত হলাম। আপু সত্যিই আমার জন্য চা নিল। অবশ্য এমনিতেই আমার চা খুব পছন্দ তাই ‘না’ করিনি। ছেলেটা আপুর সঙ্গে ভালোই গল্প-সল্প করছিল আর আমার আপুর ছোট্ট মেয়েটির সঙ্গে দুষ্টুমি করছিল কিন্তু ততক্ষণে ছেলেটিকে আমার অসহ্য লাগছিল। আমি চা খেতে খেতে চা নিয়ে আসা বাচ্চা ছেলেটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার নাম কী? বলতেই সামনের সিটের ছেলেটি বলল, ওর নাম বাবু কিন্তু আপনার নাম কী? আমি রাগান্বিত চোখে তাকিয়ে বললাম, এক মুহূর্তে দেখা অপরিচিত মানুষকে আমি নাম বলি না। ছেলেটি বলল, তাহলে...পরিচিত হতে কতবার দেখা হতে হয়। আমার উদ্দেশ্য আমি তাকে নাম বলব না আর তার সঙ্গে আমার কখনো দেখা হবে না। যদিও হঠাৎ দেখা হয়ে যায়, ততদিনে আমি তার চেহারাও ভুলে যাব। তাই একটু ভেবেচিন্তেই বললাম যে অন্তত তিনবার দেখা হতে হয়। ছেলেটি বলেছিল, তার মানে আপনার নাম জানতে আপনার সঙ্গে তিনবার দেখা হতে হবে? বলতেই আমাদের চাঁদপুর স্টেশন চলে আসে। আমরা ট্রেন থেকে নেমে পড়ি। কিন্তু আজব ব্যাপার, দুদিন পর মামার বাড়ি যাওয়ার পথে দেখি রাস্তার একপাশে স্টেশনের ছেলেটি দাঁড়িয়ে আর অন্য পাশে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি।
আমি একটু ভয় পেয়েছিলাম। ছেলেটি এ পাশে আসার চেষ্টা করতেই আমরা গাড়িতে উঠে পড়ি আর কিছুদিন পর আমরা চট্টগ্রামও চলে আসি। ঘটনাটা এখানে শেষ হলেও পারত কিন্তু তিন বছর পর আমার বাবা-মা আমার বিয়ে ঠিক করল। কথা প্রায় পাকা দুই পক্ষ থেকেই। শুধু বর-কনের পরিচয় বাকি। কিছুদিনের মধ্যেই বর আমাকে দেখতে এল। তখন আমি চোখ তুলে দেখেই পুরোপুরি অবাক হলাম। এ যে সেই স্টেশনের ছেলেটা। সে আমাকে প্রথমে হাসতে হাসতে জিজ্ঞেস করল, এবার তো তিনবার দেখা হলো, এখন কি নামটা জানতে পারি? কি আজব, তাই না? সেই স্টেশনের অপরিচিত মানুষটির সঙ্গে আজ আমার নাম ও জীবন এমনভাবে জুড়ে গেছে যে এখন সে-ই আমার সবচেয়ে পরিচিত মানুষ।
ফারজানা
চট্টগ্রাম।