কাজের অ্যাপস তৈরিতে আগ্রহী শিক্ষার্থীরা

মানুষের কাজে লাগে, এমন নানা ধরনের অ্যাপস তৈরিতে আগ্রহী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা। এসব অ্যাপসে সাধারণ ব্যবহারকারী প্রাত্যহিক জীবনে প্রয়োজন হয়, এমন নানা কাজে ব্যবহার করতে পারবেন। ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এর বিশ্ববিদ্যালয় আয়োজনের অংশ হিসেবে গতকাল সোমবার ঢাকার এআইইউবি দিনব্যাপী অ্যাপস নিয়ে সচেতনতা তৈরি করা হয়। দিনব্যাপী নানা ধরনের কার্যক্রম অ্যাক্টিভিশন কার্যক্রম শেষে বিকেলে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে এআইইউবির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এফআইএসটি) বিভাগের ডিন ও ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) অধ্যাপক তফাজ্জল হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নতুন কিছু তৈরিতে সহায়তা করে। তিনি এ উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান। সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ কাইউম, এফআইএসটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রধান অধ্যাপক দীপ নন্দী, গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রধান অধ্যাপক তাবিন হাসান, পরিচালক মসিউর রহমান, ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদসহ অনেকে। নিবন্ধন করে কনসেপ্ট জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। বিস্তারিত: www.eatlapps.com|