কাজের তুলনায় মজুরি কম শিশুশ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশির ভাগ শিশুশ্রমিকই কাজের তুলনায় মজুরি কম পায় ।  ছবি: সাবিনা ইয়াসমিন
বেশির ভাগ শিশুশ্রমিকই কাজের তুলনায় মজুরি কম পায় । ছবি: সাবিনা ইয়াসমিন

আট বছরের শিশু সাইদ কাজ করে বুড়িগঙ্গা নদীর তীরে একটি বেলুন তৈরির কারখানায়। বাবা ময়লার ভ্যানচালক। মা বাসাবাড়িতে কাজ করেন। সাইদ সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করার পর বড় ভাইয়ের সঙ্গে রাতে বাড়ি ফেরে। এত পরিশ্রমের পর সপ্তাহে জোটে মাত্র ৩০০ টাকা। অর্থাৎ মাসে এক হাজার ২০০ টাকা। সাজেদের বড় ভাই মো. রিটু (১৬) পাশের আরেকটি বেলুন তৈরির কারখানায় কাজ করে। বয়সে বড়, তাই শরীরে শক্তিও বেশি আর কাজেও দক্ষ বলে প্রতি সপ্তাহে ৫০০ টাকা করে পায় জানায়। সাইদ বলে, ‘মজুরি কম হইলে কি আর করতাম। যা দেয় তাতেই খুশি। আর কাম না করলে তো না খাই থাকন লাগে।’
ময়না (১২) গৃহকর্মী হিসেবে কাজ করে রাজধানীর আজিমপুরের একটি বাড়িতে। ঘর মোছা, কাপড় ধোয়া, ঘরবাড়ি গোছানো, থালাবাসন ধোয়া, বাচ্চা দেখাশোনা—এসব কাজ তাকে করতে হয়। মাস শেষে তাকে দেওয়া হয় এক হাজার টাকা। বেতন বাড়াতে বললে গৃহকর্ত্রী বলেন, ‘তোর খাওয়া আর জামা-কাপড়ের পেছনে অনেক টাকা যায়। এর বেশি দেওয়া সম্ভব নয়।’
তবে লাইলির অবস্থা আরও খারাপ। শান্তিবাগের একটি বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ পেয়েছিল আট মাস আগে। এই আট মাসে তাকে কোনো বেতন দেওয়া হয়নি।
রাজধানীর ধানমন্ডির একটি বাড়িতে কাজ করে ফরিদ (৮)। গৃহকর্তার ছেলে জিসানের (ছদ্মনাম) স্কুলের ব্যাগ বহন করা তার প্রধান কাজ। স্কুল শেষে জিসানের সঙ্গে সে হেঁটেই বাড়ি ফেরে। প্রায় একই বয়সের দুই শিশু একজন ব্যাগ টানার কাজ করে, আর অন্যজন স্কুল থেকে আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরে। জিসানের যখন স্কুল চলছিল, তখন কথা হয় ফরিদের সঙ্গে। সে জানায়, কাজ করে মাসে ৫০০ টাকা পায় সে। দুই বেলা খেতে দেয়। সকালে স্কুলে চলে আসে। তাই একবারে দুপুরে খায়, সকালে আর খাওয়া হয় না তার। স্কুলে যাতায়াত করা ছাড়াও ফরিদকে প্রতিদিন ময়লা ফেলা, ঘর মোছাসহ বিভিন্ন কাজ করতে হয়। ফরিদ বলে, ‘টেকার জন্যি বাবা-মায়ে কামে পাডাইছে। সেই টেকাই পাই না।’
হিরণ মিয়া লেগুনায় হেলপারের কাজ করে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাবা বসিলায় রিকশা চালান। বাবার ইচ্ছায় স্কুলে না গিয়ে সে কাজে এসেছে। বেতন কত জিজ্ঞেস করতেই হিরণ বলে, ‘বেতন কী আফা?’ প্রতি ট্রিপে ২০ টাকা করে দেয়। আবার যাত্রী বেশি না হলে তা-ও পায় না কখনো। হিরণ বলে, ‘এসব টাকায় সংসার চলবার চায় না। কিন্তু কী করুম। এই কাম না করলে তো আরও বিপদ। খামু কী।’ হিরণ জানায়, একবার লেগুনার হ্যান্ডেল থেকে হাত ফসকে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছিল। তখন দুই মাস পঙ্গু হাসপাতালে থাকতে হয়েছিল তাকে।
রাজধানী কারওয়ান বাজারের একটি দোকানে কাজ করে ১০ বছরের শিশু শিপন। মাস শেষে সে পায় ৮০০ টাকা। সারা দিন কাজ করলেও মালিক তাকে কোনো বেলায়ই খেতে দেন না। শিপন বলে, ‘সংসারে যাতে টেকা দিবার পারি, হের লাইগ্যা এইহানে কাম করতে আইছি। কিন্তু যে বেতন পাই, এই দিয়া তো ঠিকমতো খাওনই জুডে না।’
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী বলেন, শিশুরা ভোটার নয়, তাই শিশুদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর খুব একটা মাথাব্যথা নেই। রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার হলেও তাদের উন্নয়ন নিয়ে কেউ খুব একটা চিন্তিত নয়। কিন্তু এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। ১৪ বছরের নিচে বয়স, এমন শিশুদের শ্রমে নিয়োগ দেওয়া নিষিদ্ধ হলেও অনেকে এ বিষয়ে জানে না। আবার জানলেও তারা শ্রমিক হিসেবে শিশুদের নিয়োগ দিতেই পছন্দ করে। এ ব্যাপারে সরকারকে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। শিশুশ্রমিকেরা যাতে যথাযথ মজুরি পায়, সে ব্যাপারটি নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নিতে হবে।