
এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় শিক্ষার্থীদের তৈরি অ্যাপস অনলাইনে এসেছে। এর একটি আইনবিষয়ক, অন্যটি গৃহশিক্ষকবিষয়ক মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ)। ল সাপোর্ট নামের অ্যাপটি তৈরি করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) বিমান প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জুবায়ের হোসেন ও সাইফুল ইসলাম।
ল সাপোর্ট মানুষকে আইন বিষয়ে সহায়তা করার একটি অ্যাপ। কোনো বিপদে পড়লে কী ধরনের আইনি সহায়তা পাবেন, কার কাছে যাবেন, আইনি পক্রিয়া ও নিয়ম-কানুন কী ইত্যাদি তথ্য এতে আছে। অভিজ্ঞ উকিলের খোঁজ, আনলাইনে সাধারণ ডায়েরি করে জমা দেওয়া, কাছের থানা ও র্যাব কার্যালয়ের খোঁজ পাওয়া যাবে এই অ্যাপ দিয়ে। মানবাধিকার সংস্থা, আইনি সহায়তার সরকারি-বেসরকারি সংস্থার তথ্যও এতে আছে। বিনা মূল্যে http://goo.gl/AydUIT ঠিকানা থেকে।
‘টিউশন ম্যাপ’ অ্যাপ নামের অ্যাপটি গৃহশিক্ষক খুঁজে বের করার কাজে সহায়ক হবে। এটিও তৈরি করেছেন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র নেয়াজ মো. নাজমুল হুদা, মো. বকতিয়ার উদ্দিন আহমেদ, মো. সাইফুল ইসলাম ও সাদি মোহাম্মদ জামান। এই অ্যাপে ছাত্রছাত্রী পড়াতে আগ্রহীরাও নিবন্ধন করতে পারবেন। পরে আগ্রহী মা-বাবা পারিশ্রমিক, শিক্ষাপ্রতিষ্ঠান—এসব বিভিন্ন বিষয় দিয়ে অনুসন্ধান করে পছন্দের গৃহশিক্ষক খুঁজে নিতে পারবেন। নামানোর ঠিকানা: http://goo.gl/8plQgv।
—নিজস্ব প্রতিবেদক