কাজের সহযোগী ই-মেইল ইন্টারনেট

পেশাগত কাজের ক্ষেত্রে অন্যতম সহযোগীর ভূমিকা রাখছে ই-মেইল ও ইন্টারনেট। অফিসের কাজে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা মোবাইল ফোনের চেয়ে এখনো বেশি ব্যবহার করেন ল্যান্ডফোন। তবে অফিসের কাজের ক্ষেত্রে ই-মেইল ও ইন্টারনেট পেশাগত কাজে গতি ও উৎপাদনশীলতা বাড়ায়। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য জানা গেছে। কাজের ক্ষেত্র ও কাজ বদলে যাওয়ায় বর্তমানে সবচেয়ে বড় সহযোগী ইন্টারনেট। এ ছাড়া ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে দারুণ সুবিধা যোগ করায় এটিও এখন পেশাগত কাজে সবচেয়ে বড় বন্ধু।
গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এ বিষয়ে বড় বড় একাধিক প্রতিষ্ঠানে জরিপ চালায়। জরিপের ফলাফল অনুযায়ী, প্রায় ৬১ শতাংশ চাকরিজীবী যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেন ই-মেইলকে। ৫৪ শতাংশ মনে করেন পেশাগত কাজে ইন্টারনেটের ভূমিকাও গুরুত্বপূর্ণ। জরিপে জানতে চাওয়া হয়, অফিসের জন্য মোবাইল ফোন না ল্যান্ডফোন কোনটি বেশি জরুরি? এ প্রশ্নে অফিসের কাজের জন্য ল্যান্ডফোনের পক্ষেই বেশি ভোট পড়েছে। ল্যান্ডফোনের পক্ষে ৭৬ এবং স্মার্টফোনের পক্ষেÿ২৪ শতাংশ পেশাজীবী ভোট দিয়েছেন। তবে পিছিয়ে নেই সামাজিক যোগাযোগের সাইটগুলোও। এসবের পক্ষে ভোট দিয়েছেন ৪ শতাংশ চাকরিজীবি। পিউ রিচার্স সেন্টারের পরিচালক লিই রেইনি বলেন, বর্তমানে সাধারণ ব্যবহারকারীদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব অনেক বেশি। তবে এখন যোগাযোগের অন্যতম প্রধান এবং জরুরি মাধ্যম ই-মেইল।
—এএফপি অবলম্বনে কাজী আলম