
সম্প্রতি আন্দোলনের নামে একদল দুর্বৃত্ত রাস্তা অবরোধ করার জন্য মহাসড়কের দুই পাশের হাজার হাজার গাছ কেটে ফেলে। এতে পরিবেশের ক্ষতি তো হয়েছেই, তার পরও প্রশ্ন ওঠে গাছকে ব্যথা-বেদনা দেওয়া হয়েছে কি না? গাছের প্রাণ আছে, আমরা জানি। কিন্তু তাদের কি অনুভূতি আছে? থাকলে সেটা কি গাছ প্রকাশ করতে পারে, যেভাবে আমরা ব্যথা পেলে চেঁচিয়ে উঠি, হাতে ব্যথা পেলে তা সরিয়ে নিই? প্রাণীর ব্যথা পাওয়ার অনুভূতি নির্ভর করে তার মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ইত্যাদি আছে কি না তার ওপর। গাছের সে রকম কিছু নেই। তাই এক অর্থে বলা যায়, গাছ আমাদের মতো ব্যথা অনুভব করে না। কিন্তু আঘাত করলে গাছ একধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে। একে যদি ব্যথা পাওয়া বলি, তাহলে গাছ অবশ্যই ব্যথা পায়। একটা ডাল কেটে ফেললে গাছ এক ধরনের রাসায়নিক সংকেত বাতাসে ছড়িয়ে দেয়। এভাবে সে মূলত তার শাখা-প্রশাখা ও পার্শ্ববর্তী গাছপালাকে সতর্ক করে। এর ফলে গাছ তার কোষপুঞ্জের মাধ্যমে আত্মরক্ষাব্যবস্থা সক্রিয় করার চেষ্টা করে। তখন সে অন্যদিকে তার ডালপালা বিস্তৃত করে, যেন আবার বিপদে পড়তে না হয়।