কাতার বিশ্বকাপের পর এবার ফিফা গেম থেকেও বাদ রাশিয়া

ফিফা ২২ গেমছবি : ইলেকট্রনিকস আর্টস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে হামলা চালানোর কারণে দুই দিন আগে রাশিয়ার জাতীয় দলসহ বিভিন্ন ক্লাবকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কার করেছে ফিফা। এবার ফিফার দেখানো পথে নিজেদের জনপ্রিয় ভিডিও গেম ‘ফিফা ২২’ থেকে রাশিয়ার জাতীয় দল ও সব ফুটবল দলকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিকস আর্টস (ইএ)। শুধু তা–ই নয়, ভিডিও গেমটি থেকে রাশিয়ার জাতীয় দলের পাঁচ সদস্য ছাড়া সব ফুটবল খেলোয়াড়ের ছবি ও তথ্য মুছে ফেলার কাজও শুরু করেছে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ও ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মিখাইল ফেডোরোভ ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান এবং ই-স্পোর্টস প্ল্যাটফর্মগুলোকে রাশিয়ার দল ও খেলোয়াড়দের পাশাপাশি অ্যাকাউন্ট ব্লক করার আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও গেম নির্মাতা ইলেকট্রনিকস আর্টস নিজেদের তৈরি ‘ফিফা ২২’ ভিডিও গেম থেকে রাশিয়ার ফুটবল দলগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভবিষ্যতে গেমটিতে রাশিয়ার কোনো ফুটবল দল বা খেলোয়াড় নিয়ে খেলা যাবে না।

‘ফিফা ২২’–এর মতোই জনপ্রিয় গেম ‘এনএইচএল ২২’ থেকেও রাশিয়াকে বাদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইলেকট্রনিকস আর্টস। ফলে ভবিষ্যতে আইস হকি লিগের ভিডিও গেমটিতে রাশিয়ার কোনো দল বা খেলোয়াড়ের দেখা মিলবে না। ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইলেকট্রনিকস আর্টস কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স