কানাডার বাজারে যাবে দেশের তথ্যপ্রযুক্তি পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তৈরি সফটওয়্যার উত্তর আমেরিকার বাজারে ছড়িয়ে দিতে এবার যৌথভাবে কাজ করবে কানাডিয়ান বাংলাদেশচেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) ও গ্রামীণফোন (জিপি) আইটি লিমিটেড। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে এক চুক্তি হয়েছে। চুক্তিপত্রে সই করেন ক্যানচেম বাংলাদেশের সভাপতি মাসুদ রহমান এবং জিপি আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ রায়হান শামছী।অনুষ্ঠানে বাংলাদেশে কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বলেন, ‘বাংলাদেশের প্রচুর সম্ভাবনা আছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা আদান-প্রদান আরও সহজ হবে।’মাসুদ রহমান প্রথম আলোকে বলেন, ‘জিপি আইটির মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এই চুক্তির মাধ্যমে এখন বাংলাদেশি পণ্য সহজেই কানাডা বা যুক্তরাষ্ট্রের বাজারগুলোতে নিয়ে যাওয়া যাবে। আর তাই আমরা এখন সম্ভাবনাময় এই খাতকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে বাজার গবেষণা শুরু করব। খুঁজে বের করব সফটওয়্যার বা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী অঞ্চলগুলো। তারপর সেই সব দেশে দেশি সফটওয়্যার রপ্তানির প্রক্রিয়া সহজ হবে।’মাসুদ রহমান আরও বলেন, ‘তরুণদের ওপর আমাদের যথেষ্ট আস্থা আছে। আর তাই তাদের সঙ্গে নিয়ে আমাদের কাজ করা আরও সহজ হবে বলে আমি মনে করি। এ জন্য তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে তোলার চিন্তাও আমাদের আছে।’অনুষ্ঠানে আহমেদ রায়হান শামছি বলেন, ‘ক্যানচেমের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক কর্যক্রমের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার পণ্য রপ্তানি সহজ হবে।’ —ইমাম হাসান