কানেকটিং স্টার্টআপস প্রতিযোগিতার শীর্ষ ১০ বাছাই

দেশে উদ্ভাবনীমূলক ও আন্তর্জাতিক মানের উদ্যোগ তৈরির লক্ষ্যে এবং বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারে এসব উদ্যোগকে নিয়ে যেতে আয়োজিত জাতীয় প্রতিযোগিতা ‘কানেকটিং স্টার্টআপস বাংলাদেশ’-এর শীর্ষ ১০ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ধানমন্ডির মাইডাস সেন্টারে এই বাছাইপর্ব হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতার ‘গ্রোথ স্টেজ’ ক্যাটাগরি থেকে নির্বাচিত ২৫টি উদ্যোগ ও ‘আইডিয়া স্টেজ’ ক্যাটাগরি থেকে নির্বাচিত ২৫টি উদ্যোগের উদ্যোক্তারা উদ্যোগগুলো বিচারকদের সামনে তুলে ধরেন।
আয়োজক প্রতিনিধি ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিচারক কমিটি প্রতিটি উদ্যোগ দেখেন এবং বিবেচনা করেন। এই বিবেচনা থেকেই তাঁরা অংশগ্রহণ করা উদ্যোগগুলো থেকে চূড়ান্ত ১০ উদ্যোগ নির্বাচন করবেন। ২৭ জুলাই রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশ ও তাঁদের পুরস্কৃত করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
প্রতিযোগিতার বিজয়ীরা জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে বাংলালিংকের সহযোগিতায় ডিজিটাল ইনকিউবেটরের সাপোর্ট সেন্টারে এক বছরের জন্য বিনা মূল্যে জায়গা বরাদ্দ পাবেন। নির্বাচিত আরও অর্ধশত উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে এই ডিজিটাল ইনকিউবেটরের বিভিন্ন সুবিধাসহ তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পন্ন করার জন্য জায়গা বরাদ্দ নিতে পারবে।
এ ছাড়া উচ্চগতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ–ব্যবস্থা, বড় কনফারেন্স রুম ব্যবহারের সুবিধাসহ তাদের আর্থিক বিনিয়োগের মাধ্যমে উদ্যোগটি যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে, তার ব্যবস্থা করা হবে। এ ছাড়া স্টার্টআপগুলোকে নিয়ে পরবর্তী সময়ে বছরব্যাপী কার্যক্রম গ্রহণ করা হবে।
সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যৌথভাবে কানেকটিং স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন করেছে। এ আয়োজনে ইনকিউবেশন ও টেলিকম পার্টনার হিসেবে বাংলালিংক এবং অন্যান্য সহযোগী হিসেবে রয়েছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, গ্যাপ ও কিজকি। বিজ্ঞপ্তি