কানেক্টিং স্টার্ট-আপসের চূড়ান্ত বাছাই চলছে
তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোগ নিয়ে প্রতিযোগিতা ‘কানেক্টিং স্টার্ট-আপস বাংলাদেশ’-এর চূড়ান্ত বাছাইপর্ব চলছে। সম্প্রতি প্রাথমিকভাবে নির্বাচিত উদ্যোক্তাদের নিয়ে ‘ডেমো ডে’ অনুষ্ঠিত হয়। ‘গ্রোথ স্টেজ’ বিভাগে আবেদন করা ১২৩টি উদ্যোগের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত ৯২টি উদ্যোগ যাচাই-বাছাই করা হয় ডেমো ডেতে। গত বুধবার ও বৃহস্পতিবার ‘আইডিয়া স্টেজ’ বিভাগে ১৬২টি উদ্যোগের দ্বিতীয় ‘ডেমো ডে’ অনুষ্ঠিত হয়। দুই বিভাগ থেকে পরবর্তী ধাপের জন্য উদ্যোগগুলো নির্বাচিত করা হবে। খবর বিজ্ঞপ্তির।
প্রতিযোগিতা নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ জানান, ‘১৮ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়েছে। এই পার্কে যাতে আন্তর্জাতিক মানের উদ্যোগ গড়ে ওঠে, বিশ্বের সেরা প্রযুক্তি উদ্যোগ বাংলাদেশে তৈরি হয়, সে জন্যই কানেক্টিং স্টার্ট-আপসের আয়োজন করা হয়েছে। এতে ৪৩৫টি আবেদন পড়েছে, যা সত্যিই আশাব্যঞ্জক। ২০২১ সাল নাগাদ আমরা দেশে এক হাজার উদ্ভাবনী প্রকল্প তৈরির জন্য কাজ করছি।’
প্রতিযোগিতার বিজয়ীরা জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে বাংলালিংকের সহযোগিতায় ডিজিটাল ইনকিউবিটর সাপোর্ট সেন্টারে এক বছরের জন্য বিনা মূল্যে জায়গা বরাদ্দ পাবেন। সরকারের আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বেসিস যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে। আয়োজনের ইনকিউবেশন ও টেলিযোগাযোগ অংশীদার হিসেবে আছে বাংলালিংক। অন্য সহযোগীরা হলো ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, গ্যাপ এবং কিজকি।