

সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য কী? প্রশ্নটা করলেন বিচারক জাহিদ হাসান। মঞ্চে দাঁড়ানো ১১ প্রতিযোগী। তবে প্রশ্নটা ১১ জনের জন্য নয়, একজনের জন্য। সেই একজন ‘সত্য নাকি মিথ্যা লুকিয়ে রাখা যায়’ তা বলতে গিয়ে বার কয়েক গুলিয়ে ফেললেন। আর জাহিদ হাসান স্বভাবসুলভ ভঙ্গিতে বুঝিয়ে দিলেন—‘সত্য বলতে ব্রেন খরচ করতে হয় না। মিথ্যা বলতে ব্রেন খরচ করতে হয়।’ এরকম নানান প্রশ্নের মুখোমুখি দাড়িয়ে নিজেদের মেধার স্বাক্ষর রেখেই পার হতে হলো গ্রান্ড ফিনালের বৈতরণি। ‘প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল স্টাইলিশ হেয়ার অফ দ্য ক্যাম্পাস ২০১৪’ প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় গত ২৫ জুন ঢাকার একটি হোটেলে।
জাহিদ হাসানের সঙ্গে বিচারক হিসেবে ছিলেন পরিচালক রেদওয়ান রনি এবং রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। ১১ জন প্রতিযোগীর মধ্যে থেকে বিচারকেরা নাচ, অভিনয় এবং র্যাম্পে হাঁটার ওপর ভিত্তি করে বাছাই করে নেন সেরা তিন জনকে।
প্রথমবারের মতো আয়োজিত প্যারাসুট এ প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছেন রুকাইয়া রশিদ। ময়মনসিংহের মমিনুন্নেসা মহিলা কলেজের এ শিক্ষার্থী অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ৩ লাখ টাকা। মঞ্চে দাঁড়িয়ে চোখের পানিতে উদযাপন করলেন সেরা হওয়ার আনন্দ।
প্রথম রানারআপ হয়েছেন অতশী আমিন এবং দ্বিতীয় রানার আপ রুবাইয়াত কবির। তাঁরা পেয়েছেন যথাক্রমে দুই ও এক লাখ টাকা। এছাড়া এই তিনজনই পাচ্ছেন টিভি নাটকে অভিনয় করার সুযোগ। এছাড়াও ‘দ্য মোস্ট বিউটিফুল হেয়ার’ এর পুরস্কারটি পেয়েছেন আইরিন সুলতানা। জিতেছেন ৫০ হাজার টাকা। বাকি ৮ জন পেয়েছেন ২৫ হাজার টাকা করে পুরস্কার।