কারিগরি উদ্যোগে অর্থায়নবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশে নতুন কর্মসংস্থানের একটি বড় অংশ সৃষ্টি হয় কারিগরি উদ্যোগের মাধ্যমে। চাকরির মাধ্যমে একটি কর্মসংস্থান হয়। আর একজন উদ্যোক্তা সৃষ্টি করেন অনেকের কর্মসংস্থান। ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এ ব্যাপারে বিশেষভাবে এগিয়ে আসা প্রয়োজন। সম্প্রতি ‘কারিগরি উদ্যোগে অর্থায়ন’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন। ঢাকার ফ্রেপড মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় সেন্টার ফর টেকনোলজি ডেভেলপমেন্ট (সিটিডি) এই কর্মশালার আয়োজন করে। বিডিএএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসানের সঞ্চালনায় কর্মশালায় ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ঋণের বিভিন্ন দিক তুলে ধরেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসএমই ব্যাংকের প্রধান মোহাম্মদ ইকবাল এবং সিফ ভেঞ্চার ম্যানেজমেন্টের শীর্ষ বিনিয়োগ কর্মকর্তা মোহাম্মদ আলতাফুজ্জামান, উদ্যোক্তাদের মান উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কর্মকাণ্ড তুলে ধরেন এসএমই ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আশিক মোর্শেদ। বক্তারা কারিগরি বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের ব্যাংকের সঙ্গে অধিকতর মতবিনিময়ের পরামর্শ দেন। কর্মশালায় অংশগ্রহণকারী কারিগরি উদ্যোক্তারা তাঁদের বক্তব্য তুলে ধরে জানান, বিনিয়োগকারী এবং ব্যাংকগুলো পাশে দাঁড়ালে তাদের পক্ষে দেশে কর্মসংস্থানের জোয়ার সৃষ্টি করা সম্ভব। উদ্যোক্তাদের মধ্যে আলোচনায় অংশ নেন অন্য রকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, মুক্ত সফটের প্রধান নির্বাহী তামিম শাহরিয়ার, প্রাণন লিমিটেডের প্রধান নির্বাহী নাহিদুল ইসলাম, ড্রয়েড বাংলাদেশের উদ্যোক্তা সাইফুল ইসলাম, বিজ কিউবের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনোয়ারসহ অনেকে। কারিগরি উদ্যোক্তাদের জন্য আরো কিছু কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান সিটিডির প্রধান কারিগরি কর্মকর্তা জাবেদ মোর্শেদ। —নিজস্ব প্রতিবেদক