কারিগরি সহায়তার পাশাপাশি প্রয়োজন সচেতনতা

ইন্টারনেটে নিরাপদ থাকতে যন্ত্রপাতি, কারিগরি সহায়তার পাশাপাশি প্রয়োজন সচেতনতা তৈরি করা। প্রথম আলোকে এমনই বলেছেন ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান ব্র্যাকনেটের প্রধান নির্বাহী সৈয়দ পি এফ আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন ইশতিয়াক মাহমুদ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ পি এফ আহমেদ

প্রশ্ন :

আইএসপি (ইন্টারনেট সংযোগদাতা) হিসেবে ইন্টারনেট নিরাপদ করতে আপনারা কী ধরনের উদ্যাগ নেন?

সৈয়দ পি এফ আহমেদ: সবার জন্য ইন্টারনেট সহজলভ্য করতে ১৯৯৬ সালে যাত্রা শুরু করে ব্র্যাকনেট। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রযুক্তিসেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি, এগুলোর মধ্যে নিরাপদ নেটওয়ার্ক ডিজাইন অন্যতম। সব সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পরবর্তী প্রজন্মের ফায়ারওয়াল ব্যবহার, ওয়াই-ফাই হটস্পটের নিরাপত্তাসহ হালনাগাদ প্রযুক্তির বিভিন্ন যন্ত্র ও সফটওয়্যার ব্যবহার করছি। ব্র্যাকনেটের বাইরের নেটওয়ার্ক থেকে সম্ভাব্য ডিডিওএস সাইবার হামলার হুমকি প্রতিরোধে অ্যান্টি-ডিডিওএস যন্ত্রও স্থাপন করেছি।

প্রশ্ন :

আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তার জন্য কারিগরি সহায়তা দিয়ে থাকেন। এর আওতায় কোন কোন ক্ষেত্রে সাইবার নিরাপত্তা দেওয়া হয়।

সৈয়দ পি এফ আহমেদ: সাইবার নিরাপত্তায় ব্র্যাকনেট বেশ কিছু সেবা দিয়ে থাকে। যেমন সামগ্রিক নিরাপত্তা মূল্যায়ন, ই-মেইল নিরাপত্তা ও স্প্যাম সুরক্ষা, সাইবার আক্রমণের সম্ভাব্যতা যাচাই, এনডপয়েন্ট সিকিউরিটি, সাইবার তথ্য বিনিময় পর্যবেক্ষণ, প্রিভিলেজেড অ্যাক্সেস ব্যবস্থাপনা ইত্যাদি।

প্রশ্ন :

কোনো গ্রাহক সাইবার হামলার মুখোমুখি হলে ব্র্যাকনেট কী ধরনের কারিগরি সেবা দেয়?

সৈয়দ পি এফ আহমেদ: কোনো গ্রাহক সাইবার হামলার মুখোমুখি হলে হামলার ধরন বুঝে ব্রাকনেট তাৎক্ষণিকভাবে সহায়তা করে। পাশাপাশি বিভিন্ন সেবা দিয়ে থাকে।

প্রশ্ন :

ইন্টারনেটে নিরাপদ থাকার জন্য সচেতনতা বেশি প্রয়োজন, না কারিগরি সহায়তা (যন্ত্র ও সফটওয়্যার)?

সৈয়দ পি এফ আহমেদ: আমরা মনে করি, নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য কারিগরি সহায়তার পাশাপাশি ব্যবহারকারীর সচেতনতাও অনেকাংশে প্রয়োজন। যন্ত্র সব সময় আগে থেকে নির্ধারিত কিছু নীতিমালা নিয়ে কাজ করে, যা ব্যবহারকারীর ইন্টারনেট ব্যবহারকে নিরাপদ করতে সাহায্য করে। তবে ব্যবহারকারীর সচেতনতা এবং ব্যবহারবিধি সঠিকভাবে অনুসরণ করা নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য জরুরি।