কার্তিক মাসে আষাঢ়ে গল্প
এই মুহূর্তে জাহিদের মেজাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির মতোই খারাপ। ঘড়িতে এখনো ১২টা বাজেনি, অথচ বাড়িওয়ালা গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। জাহিদের ইচ্ছা করছে লাথি মেরে দরজা ভেঙে ফেলতে! রাগের চোটে গেটের কাছে বসে থাকা কুকুরটাকে কষে একটা লাথি মারল সে। কুকুরটা ব্যথায় চিৎকার করে বলল, ‘কিরে ভাই? লাত্থি দিলেন ক্যান? সমস্যা কী?’ জাহিদ জবাব দিল না। মেজাজ খারাপ থাকলে সে গার্লফ্রেন্ডের প্রশ্নেরই জবাব দেয় না, আর এটা তো রাস্তার কুকুর! একটু পর বাড়িওয়ালা এসে তালা খুলতে খুলতে বললেন, ‘রাস্তায় যানজট ছিল নাকি?’ জাহিদ তার কথারও জবাব দিল না। মনে মনে বলল, ‘যানজট তো রাস্তাতেই থাকে। ঘরের ভেতর যানজট দেখেছেন কখনো?’
ঘরে ঢুকে ভাত খেয়ে দ্রুত শুয়ে পড়ল জাহিদ। সবে ঘুমটা এসেছিল, এমন সময় বেজে উঠল ফোন। জাহিদের মেজাজটা আবারও খারাপ হলো। তার প্রেমিকার ফোন। জাহিদ ‘হ্যালো’ বলতেই ওপাশ থেকে শুরু হলো ‘সারা দিন খোঁজ নাই, বাসায় এসে জানাইলা না কেন, ডিনার করেছ...’ টাইপের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্ব। জাহিদ প্রচণ্ড বিরক্তি নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে খেয়াল করল মশারির ভেতর কয়েকটা মশা ঘুরঘুর করছে। তার মেজাজ আবারও খারাপ হলো। ৪৫০ টাকা দিয়ে মশারিটা কেনা হয়েছে, তার পরও মশা ঢুকবে কেন? একটা তো কাছে থাকার নীতি অনুসরণ করে একটু পর পর কানের কাছে এসে পো পো করছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে মশাটাকে ধরার প্রস্তুতি নিল জাহিদ। প্রেমিকা কী বলছে সেদিকে তার খেয়ালই নেই। মশাটাকে ধরে দুই আঙুলে পিষে মারাই তার মূল লক্ষ্য। জাহিদ মাছি মারা কেরানি। মাছি মারতে পারলে মশাও মারতে পারার কথা। কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করেও জাহিদ মশা ধরতে পারল না। মনের অজান্তেই বিরক্ত জাহিদের মুখ থেকে বেরিয়ে এল ‘ধুর’ শব্দটি। সঙ্গে সঙ্গে প্রেমিকা বলল,
: আমার বিড়াল অসুস্থ আর তুমি বললে ধুর?
: তোমার বিড়াল অসুস্থ নাকি? আরে ধুর, তোমাকে বলি নাই তো...
: আবার? আশ্চর্য! তুমি আমার কোনো কথাই শুনছিলে না? ওকে ফাইন। আমার বিড়াল নিয়ে যা-তা বলবা, আমি তা মেনে নেব, তা ভাবলে কী করে? তোমাকে এত পাত্তা দেওয়ার মানে হয় না। ব্রেকআপই সমাধান! গুডবাই।
জাহিদের মেজাজ আরও খারাপ হয়ে গেল। সব রাগ গিয়ে পড়ল মশার ওপর। মনোযোগ দিয়ে চেষ্টা করতেই খপ করে একটা মশা ধরে ফেলল সে। মশাটাকে যেই মারতে যাবে, অমনি মশাটা পিনপিন করে বলল,
: আমি ছোট, আমাকে মারবেন না।
: চোপ! তোর জন্য আজকে ব্রেকআপ হয়ে গেল, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না শয়তান। তার আগে বল, তুই মশারির ভেতরে ঢুকলি কেমনে?
: চেষ্টা করলেই ঢোকা যায় বস। আর আমরা তো নিয়মিত জিমে যাই। জিরো ফিগার হওয়ার চেষ্টা করি। তবে বস, আমি কিন্তু আপনার ব্রেকআপ করাতে চাইনি, শুধু আপনার কথা ভেবে একটা সুইট গান শোনাতে চেয়েছিলাম।
: মশকরা? গান শোনাও? তোদের কামড়ে আমি দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে ভুগে হাসপাতালে পড়ে ছিলাম। তোরা আবার মানুষের কথা ভাবিস কখনো? জিনিসপত্রের আকাশছোঁয়া দাম, যানজট, বাড়িওয়ালার চোখ রাঙানি, প্রেমিকার উপেক্ষা—এত এত সমস্যার পর একটু যে শান্তিতে ঘুমাব, তাও পারি না... লজ্জা হয় না তোদের?
: বস, আসলে আপনাদের যে এত সমস্যা তা তো আমরা কখনো বুঝি নাই। আমরা তো ভাবতাম আপনারা সুখে আছেন। তাই খুশির গান শোনাতে আসতাম। আজকের মতো ক্ষমা করেন।
জাহিদ মশাটাকে ছেড়ে দিল। মশাটা কদিন আগেই একজন বুদ্ধিজীবীর রক্ত খেয়েছে। তাই তার মাথায় মানবজাতির সমস্যা ও সমাধান নিয়ে নানা চিন্তা ঘুরপাক খেতে লাগল। সে অ্যানিমেলবুকে একটা ইভেন্ট খুলে ব্যাপারটা সব মশাকে জানাল। মানুষের যে এত সমস্যা, এটা জেনে মশাসহ অন্যান্য প্রাণী তো অবাক! মশারা ঠিক করল মানুষকে আর বিরক্ত করবে না, কামড় দিয়ে হাসপাতালে পাঠাবে না। তাদের ইভেন্টে বিভিন্ন শ্রেণী-পেশার পশুপাখিরা ‘জয়েন’ দিল। ওয়ালপোস্টে বাঘ জানাল, তারা আর লোকালয়ে এসে মানুষের ওপর হামলা চালাবে না। সম্মিলিত সর্প সমিতির আহ্বায়ক অজগর বলল, তারাও আর মানুষকে ছোবল বা কামড় দেবে না। খাবারে বসে রোগ না ছড়ানোর প্রত্যয় ব্যক্ত করল ডাস্টবিনের মাছি। বিভিন্ন সাইজের ইঁদুর ও তেলাপোকা জানাল, তারা আর মানুষের জিনিসপত্র কেটে কুটিকুটি করবে না। এমনি করে প্রায় সব প্রাণী মানুষের ক্ষতি না করে, তাদের মন ভালো রাখার ব্যাপারে ঐক্যবদ্ধ হলো।
কয়েক দিন পর সেই ইভেন্ট ক্রিয়েটর মশাটা আবার এল জাহিদের কাছে। মশারির ফুটো দিয়ে ঢুকে খুশিমনে সে চলে গেল শুয়ে থাকা জাহিদের কানের কাছে। ফিসফিস করে বলল, ‘বস!’
: কে?
: বস আমি মশা। ওই দিন কথা হইল আপনার সঙ্গে, খেয়াল আছে? আমি তো আপনার কথা শোনার পর থেকে ঘুমাতে পারি নাই বস। অনেক ভেবে পরে অ্যানিমেলবুকে ইভেন্ট খুলেছি। সেখানে আমরা সর্বস্তরের পশুপাখি, কীটপতঙ্গরা একমত হয়েছি যে আপনাদের, মানে মানুষদের আমরা আর কোনোভাবে বিরক্ত করব না। এই খবরটাই আপনাকে জানাতে এলাম।
জাহিদ লাফ দিয়ে উঠে বসল। হাতি-ঘোড়া গেল তল, মশা বলে কত জল? মানুষের দুর্ভোগ দূর করতে রাজনীতিবিদেরা তো একমত হতে পারছেই না, উল্টো নতুন নতুন দুর্ভোগ উপহার দিচ্ছে, অথচ মশা-মাছিরা একমত হয়ে গেল? কী অদ্ভুত! মানুষ না হয়ে মশা-মাছি হলেই বোধ হয় ভালো হতো! মশাটা তখন খুশিতে গান গাওয়া শুরু করে দিয়েছে।