কার্বন ডাই-অক্সাইড হবে জ্বালানির উৎস

গত সেপ্টেম্বর মাসে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বিগত ৪০ লাখ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। বলা যায়, এই মাত্রা সহজে কমবে না। যার অর্থ আমরা আর কখনোই ‘নিরাপদ’ মাত্রায় ফিরে যেতে পারব না। কী ভয়ংকর ব্যাপার! তবে বিজ্ঞানীরা যদি কার্বন ডাই-অক্সাইডকে জ্বালানিতে রূপান্তর করে শিল্পক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে আক্ষরিক অর্থেই এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
সম্প্রতি বিজ্ঞানীরা অবশ্য নিজেদের অজান্তে এমনই এক পদ্ধতি আবিষ্কার করে বসেছেন। কার্বন ডাই-অক্সাইডকে সরাসরি ইথানলে রূপান্তর করার পদ্ধতি খুঁজে পেয়েছেন তাঁরা। বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড জ্বালানির উৎস হিসেবে ব্যবহার করে বায়ুমণ্ডলে এর পরিমাণ কিছুটা কমানো যাবে।
এই বিজ্ঞানী দলের সদস্য মার্কিন জ্বালানি অধিদপ্তরের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির গবেষক অ্যাডাম রনডিনান বলেন, ‘ইথানল পাওয়াটা ছিল আমাদের জন্য একটি বড় বিস্ময়। কারণ একটিমাত্র অনুঘটক দিয়ে সরাসরি কার্বন ডাই-অক্সাইড থেকে ইথানল পাওয়া অত্যন্ত কঠিন।’ প্রতিবছর যুক্তরাষ্ট্রে কোটি কোটি গ্যালন ইথানল দরকার হয় পেট্রলের সঙ্গে মেশানোর জন্য।
মোখলেছুর রহমান, সূত্র: সায়েন্স অ্যালার্ট