রাজশাহী জেলার ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) কার্যক্রমে হতাশা ব্যক্ত করলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। রাজশাহীতে গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমীতে ইউআইএসসির কাজ নিয়ে একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি হতাশা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বলেন, ‘রাজশাহী জেলার ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রগুলোর চিত্র খুবই খারাপ। এ চিত্র দেখে আমি খুব হতাশ হয়েছি।’ তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ছয় মাসের মধ্যে জেলার ৭১টি ইউআইএসসির কার্যক্রমে গতি আনার নির্দেশ দিয়েছেন।ইয়াফেস ওসমান আরও বলেন, প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তিনির্ভর দেশ গড়তে চান। সাধারণ মানুষকে তথ্যপ্রযুক্তির আওতায় নিয়ে আসতে চান। আর এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নান সভাপতিত্ব করেন। মূল আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সানাউল্লাহ উপস্থিত ছিলেন।কর্মশালায় রাজশাহী জেলার ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। শেষে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নান আগামী তিন মাসের মধ্যে রাজশাহী জেলার সবগুলো ইউআইএসসির সমস্যা সমাধান করে সঠিক সেবা দেওয়ার আশ্বাস দেন।প্রসঙ্গত, ২০১০ সালের ১১ নভেম্বর একযোগে সারা দেশের চার হাজার ৫০১টি ইউনিয়ন পরিষদে ইউআইএসসির উদ্বোধন করা হয়। —আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী অফিস