
কাগজের পাতায় সীমাবদ্ধ না রেখে সবার কাছে বই পৌঁছে দিতে বিশ্বসাহিত্য কেন্দ্র গত বছরের মার্চে ‘আলোর পাঠশালা’ নামের ইন্টারনেটভিত্তিক অনলাইন লাইব্রেরির কার্যক্রম শুরু করে। আগামীকাল ২১ ফেব্রুয়ারি বের হচ্ছে আলোর পাঠশালার মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ)। বিশ্বসাহিত্য কেন্দ্রের এই উদ্যোগে সহায়তা করছে গ্রামীণফোন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে এক অনুষ্ঠানে এই অ্যাপ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘মাতৃভাষার প্রতি ভালোবাসা বাংলাদেশের মানুষকে বিশ্বের সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছে। তবে আমার দুঃখ হয় যখন দেখি আমাদের তরুণ প্রজন্ম মাতৃভাষা দিবসের ইতিহাস সম্পর্কে কিছু জানে না।’ বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, পাঠক একজন চিন্তাশীল, মননশীল মানুষ। পৃথিবীতে পাঠক বাড়ছে বলেই বই বাড়ছে। যে মাধ্যমেই হোক, দেশের সব মানুষের হাতে বই পৌঁছে দেওয়াই আমাদের স্বপ্ন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ, গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস মার্কাস এডাকটুসন এবং অভিনেতা খায়রুল আলম সবুজ। আলোর পাঠশালা অ্যাপ দিয়ে স্মার্টফোনে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাচিত বইগুলো নামিয়ে পড়া যাবে। আলোর পাঠশালা ওয়েবসাইট (www.alorpathshala.org) এবং গ্রামীণফোন অ্যাপস্টোর (wap.gpstore.co) থেকে অ্যাপটি অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনের জন্য নামানো যাবে। শিগগিরই অ্যাপটির আইওএস এবং উইন্ডোজ সংস্করণ ছাড়া হবে।
উদ্যোক্তারা জানান, প্রতিটি অ্যাপ ব্যক্তিগত লাইব্রেরি হিসেবে কাজ করবে। সেখানে আলোর পাঠশালা থেকে নামানো বইয়ের পাশাপাশি পিডিএফ ফরম্যাটের যেকোনো বই সাজিয়ে রাখা যাবে। বইগুলো সবার সঙ্গে ভাগাভাগি করে পড়ার এবং নিজের অভিমত জানানোর সুযোগও থাকবে। আগামীকাল থেকে এটি নামিয়ে ব্যবহার করা যাবে। —মেহেদী হাসান