কাল কি 'চমক' দেবে অ্যাপল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপল নতুন আইফোন ও অগমেন্টেড রিয়্যালিটি গ্লাসের চমক দেখাতে পারে।
অ্যাপল নতুন আইফোন ও অগমেন্টেড রিয়্যালিটি গ্লাসের চমক দেখাতে পারে।

প্রযুক্তি বিশ্ব প্রহর গুনছে। অপেক্ষায় নতুন পণ্যের। মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের নতুন আইফোনের ঘোষণা আসতে পারে কাল ১২ সেপ্টেম্বর মঙ্গলবার। ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসায় এ বছর আইফোনের দশকপূর্তি হচ্ছে বলেই অ্যাপলের কাছ থেকে ভক্তদের প্রত্যাশা বেশি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে স্টিভ জবস থিয়েটারের অডিটোরিয়ামে হবে দশকপূর্তির অনুষ্ঠানটি। সেখানেই অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের নেতৃত্বে অ্যাপলের কর্মকর্তারা দেখাতে পারেন ‘আইফোন ৮’, নতুন অ্যাপল ওয়াচসহ বেশ কিছু নতুন পণ্য ও সেবা। জেনে নিন অ্যাপলের কাছ থেকে প্রত্যাশিত পণ্যগুলো সম্পর্কে:

নতুন আইফোন: সেপ্টেম্বর মাসটি অ্যাপল ভক্তদের জন্য বরাবরই নতুন আইফোন উন্মুক্ত করার মাস হিসেবে পরিচিত। এর গত বছরের সেপ্টেম্বরে আইফোন ৭ ঘোষণা দিয়েছিল অ্যাপল। সাধারণ নিয়ম মেনে এবারের নতুন আইফোনের নাম হতে পারে আইফোন ৭ এস ও ৭ এস প্লাস। কিন্তু গুঞ্জন রয়েছে এবারে ওই ‘এস’ নামকরণ থেকে বেরিয়ে আসতে চাইছে অ্যাপল। নতুন আইফোনের নাম হতে পারে ‘আইফোন ৮’। এবার আইফোন ৮ ও আইফোন ৮ প্লাসের ঘোষণা আসতে পারে। এ দুটি ফোন গত বছর বাজারে আসা ফোনের পরবর্তী সংস্করণ হিসেবে আসবে। এতে বিশেষ কিছু হালনাগাদ ফিচার থাকবে। তবে আইফোনের ক্ষেত্রে চমক হিসেবে অ্যাপল হাজির করতে পারে ‘আইফোন এডিশন’কে। আইফোন ৭ প্লাসের মতো স্ক্রিন সাইজের স্মার্টফোনটিতে তারহীন চার্জিং, শক্তিশালী ডুয়াল ক্যামেরা, বেজেলহীন ডিসপ্লে, ওএলইডি ডিসপ্লের মতো ফিচার থাকতে পারে।

নতুন অ্যাপল ওয়াচ: অ্যাপলের অনুষ্ঠানে এবারে দেখা যেতে পারে নতুন স্মার্টওয়াচ। গত বছর অ্যাপল যে স্মার্টওয়াচ এনেছিল, তা কেবল ২০১৫ সালে বাজারে আনা স্মার্টওয়াচের হালনাগাদ সংস্করণ ছিল। খুব বেশি হালনাগাদ ফিচার তাতে ছিল না। একই নকশা, একই ফাংশন, স্ক্রিন ও ব্যাটারি ছিল তাতে। তবে গত আগস্ট মাসে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, এবারে নতুন অ্যাপল ওয়াচ আসছে। এতে এলটিই মডেম থাকছে, যা তারহীন তথ্য আদান-প্রদান করতে পারবে। অর্থাৎ এটি আইফোনে সংযোগ ছাড়াই কাজ করা যাবে।

নতুন অ্যাপল টিভি: ১২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে অ্যাপলের কাছ থেকে এবার নতুন টিভির ঘোষণা আসতে পারে। দুই বছর আগে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছিলেন, টিভির ভবিষ্যৎ অ্যাপে। অ্যাপল টিভি স্ট্রিমিং ডিভাইস উন্মুক্ত করার সময় বলা কথাগুলো নতুন টিভির ফিচার হিসেবে চলে আসে। এবার বাজার ধরতে আরও উন্নত অ্যাপল টিভির দেখা মিলতে পারে। এতে ফোরকে এইচডি স্ট্রিমিং সুবিধা থাকতে পারে।

হোমপড: গত জুন মাসে বার্ষিক ডেভেলপার সম্মেলনে অ্যাপল তাদের হোমপড দেখিয়েছিল। কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যার সিরিচালিত ওই ডিভাইসটি আমাজনের ইকো ও গুগল হোমের প্রতিদ্বন্দ্বী। সাত ইঞ্চি মাপের ওই স্পিকারটির হালনাগাদ সংস্করণের ঘোষণা আসতে পারে অ্যাপলের অনুষ্ঠানে।

নতুন সফটওয়্যার: আইফোন, আইপ্যাডের জন্য আইওএস ১১-এর হালনাগাদ সংস্করণ, অ্যাপল ওয়াচের জন্য ওয়াচওএস ৪ ও ম্যাকের জন্য ম্যাকওএস হাই সিয়েরার প্রিভিউ সংস্করণ জুন মাসের ডেভেলপার সম্মেলনে দেখিয়েছিল অ্যাপল। এবারের অনুষ্ঠানে সফটওয়্যারের হালনাগাদ নিয়ে আরও তথ্য জানাবে অ্যাপল।

ম্যাকের হালনাগাদ: ডেভেলপার সম্মেলনে নতুন আইম্যাক প্রোর সঙ্গে পরিচয় করে দিয়েছিল অ্যাপল। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে ১২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে। এ ছাড়া ম্যাক প্রো ও ম্যাক মিনি নিয়েও কথা বলতে পারে প্রতিষ্ঠানটি।

অ্যাপল নতুন আইফোন ও অগমেন্টেড রিয়্যালিটি গ্লাসের চমক দেখাতে পারে।
অ্যাপল নতুন আইফোন ও অগমেন্টেড রিয়্যালিটি গ্লাসের চমক দেখাতে পারে।

চমক: প্রতিবছর অ্যাপল কিছু না কিছু চমক রাখে। অনুষ্ঠানের বিস্ময় হিসেবে তার ঘোষণা আসে। এবারেও নিশ্চয় ব্যতিক্রম হবে না। অ্যাপলের ওই চমক সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অগমেন্টেড রিয়্যালিটি গ্লাস ও অন্যান্য পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে চমক দিতে পারে প্রতিষ্ঠানটি। অ্যাপল যে ভিন্ন কিছু ভাবতে পারে, অ্যাপলভক্তরা নিশ্চয়ই তা মানেন।

রয়টার্স ও কোয়ার্টাজ অবলম্বনে মো. মিন্টু হোসেন।