কাল ঢাকায় উদ্যোক্তা হাট
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’র আয়োজনে দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে ‘উদ্যোক্তা হাট’। তিন দিনের এ হাট শুরু হবে আগামীকাল ১০ ফেব্রুয়ারি। ঢাকার ধানমন্ডির উইমেন ভলান্টারি অ্যাসোসিয়েশনে (ডব্লিউভিএ) মিলনায়তনে অনুষ্ঠেয় এ উদ্যোক্তা হাটে ৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে।
গতকাল শনিবার ঢাকায় বেসিস মিলনায়তনে এ সংবাদ সম্মলনে উদ্যোক্তা হাটের বিভিন্ন বিষয় তুলে ধরে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি জানান, দেশের বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় তিন কোটি। প্রতিবছরই কর্মবাজারে নতুন ২১ লাখ তরুণ যুক্ত হচ্ছে। এমন সমস্যার সমাধানে সারা বিশ্বে চলছে লাখ লাখ উদ্যোক্তা তৈরির কাজ। বাংলাদেশেও উদ্যোক্তা তৈরির এ কার্যক্রমকে সহায়তা করা এবং নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করতেই এমন উদ্যোগ।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বিডিভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবির, হাটের পৃষ্ঠপোষক প্রিয়শপ ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খানসহ অনেকে। মূলত ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপের উদ্যোক্তাদের সহায়তা করতেই এ হাটের আয়োজন। এই হাটে আগ্রহী উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। —নিজস্ব প্রতিবেদক