কাল থেকে কম্পিউটার সিটির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বকাপের খেলা-প্রযুক্তির মেলা’ স্লোগানে কাল বুধবার থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা। ‘সিটিআইটি ২০১৪’ নামের এ মেলা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। বরাবরের মতো এবারও মেলায় বিভিন্ন পণ্যের ওপর বিশেষ মূল্য ছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের প্রদর্শনী থাকছে।
ঢাকার আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটিতে গতকাল সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ মেলার বিস্তারিত জানানো হয়। মেলা সম্পর্কে বলেন মেলার আহ্বায়ক এ এন এম কামরুজ্জামান। এ সময় বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান থাকবে। এ ছাড়া চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল আলোকচিত্র, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা থাকছে মেলায়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পরিচালিত হবে মেলার সময়টায়।
কম্পিউটার সিটির প্রায় ১৬০টি বিক্রয় প্রতিষ্ঠানে সাম্প্রতিক প্রযুক্তিপণ্য মূল্য ছাড়ে বিক্রি করা হবে। মেলায় থাকছে একাধিক আলোচনা অনুষ্ঠান, কম্পিউটারবিষয়ক আয়োজন ও বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এ ছাড়া গুণীজন সংবর্ধনাও দেওয়া হবে মেলায়।
সিটিআইটি মেলার প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবে। এ ছাড়াও প্রতিবন্ধীরা বিনা মূল্যে মেলা দেখতে পারবেন। প্রবেশ টিকিটের ওপর র‌্যাফল ড্রও থাকছে।
কাল বেলা ১১টায় উদ্বোধনের পর মেলা সবার জন্য খুলে দেওয়া হবে।
সিটিআইটি মেলার পৃষ্ঠাপোষক আসুস, অ্যাভিরা, স্যামসাং, এইচপি এবং এপসন।গণমাধ্যম অংশীদার হিসেবে আছে এটিএন বাংলা, এবিসি রেডিও, বাংলাদেশ প্রতিদিন ও বাংলানিউজ২৪।
—রাহিতুল ইসলাম