কাল থেকে ঢাকায় শিশু বিজ্ঞান কংগ্রেস

সার্চ ইঞ্জিন গুগলের বিজ্ঞান মেলায় দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে আগ্রহী করে তুলতে আগামীকাল শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ও ক্যাম্প। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে এ বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করা হয়।
‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-বিএফএফ শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৩’ শীর্ষক দুদিনের এ আয়োজন হবে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ধানমন্ডি ক্যাম্পাসে। দুদিনের এ আয়োজনে থাকবে খুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শন, পোস্টার প্রদর্শন, ধারণা-পত্র উপস্থাপন বিজ্ঞান কুইজ ইত্যাদি।
ঢাকায় গতকাল বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানান কংগ্রেসের আহ্বায়ক ও এসপিএসবির সহসভাপতি মুনির হাসান। তিনি বলেন, ‘দেশে বর্তমানে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। এ জন্য দরকার বৈজ্ঞানিক পদ্ধতির ওপর শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। শিশু-কিশোরদের বিজ্ঞান ও এর মূল রীতিনীতির ওপর আগ্রহী করে তুলতে আয়োজন করা হয়েছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস।’ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী ও এসপিএসবির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী।
সম্মেলনে জানানো হয়, কংগ্রেসে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত ৩০ জনকে নিয়ে আয়োজন করা হবে ‘জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প’। প্রথমবারের মতো অনুষ্ঠিত কংগ্রেসের অংশগ্রহণের জন্য ২৭০ জন খুদে বিজ্ঞানী নির্বাচিত হয়েছে। এ ছাড়া আরও ৮৪ জন শিক্ষার্থী বিজ্ঞান কুইজের জন্য নিবন্ধন করেছে। কংগ্রেসে ৩০টি জেলার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৭০ জন অংশ নিচ্ছে।
কংগ্রেসে অংশগ্রহণকারী সেরাদের সেরা, দুই বিভাগের কয়েকজন পাবে পুরস্কার। প্রকল্প, পোস্টার ও পেপার থেকেও বিজয়ীরা পাবে পুরস্কার।
কংগ্রেসের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, দ্য ডেইলি স্টার, ইউআইইউ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ক্যানন, জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেড, রকমারি ডট কম, হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট, সফটকল, চ্যানেল আই ও এবিসি রেডিও। কংগ্রেসের ওয়েব ঠিকানা www.cscongres.org। —নিজস্বপ্রতিবেদক