কাল থেকে ঢাকায় আইসিটি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার থেকে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারে শুরু হচ্ছে ছয় দিনের তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার মেলা ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২’। মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির আয়োজনে এ মেলা বুধবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর রাত পর্যন্ত। ষষ্ঠবারের মতো আয়োজিত ‘বি দ্য চেঞ্জ, স্টার্ট গ্রিন নাউ’ স্লোগানে অনুষ্ঠেয় এই মেলায় দেশের তথ্যপ্রযুক্তিপণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা নতুন প্রযুক্তি প্রদর্শন করবেন। এ ছাড়া প্রতিটি তথ্যপ্রযুক্তিপ্রতিষ্ঠান মেলা উপলক্ষে ক্রেতাদের বিশেষ ছাড় ও উপহার দেবে। মেলায় র্যা ফল ড্রতে প্রতি ঘণ্টায় থাকবে নানা পুরস্কার। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সম্মেলনকক্ষে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে মেলার আহ্বায়ক ও মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, ‘মেলাতে প্রযুক্তিপণ্য প্রদর্শন ও বিক্রির সঙ্গে সঙ্গে প্রযুক্তিবর্জ্য নিঃসরণের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে। পরিবেশ উপযোগী প্রযুক্তিপণ্য ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত সরকার, ইন্টারনেট সেবাদাতাপ্রতিষ্ঠান কিউবির জনসংযোগ ব্যবস্থাপক শামীমা আকতার, আয়োজক কমিটির সদস্য এস এম ওয়াহিদুজ্জামান, এস এম আনোয়ার, এ সালাম, কামাল হোসেন, রাশেদ আলীসহ আরও অনেকে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। মেলার পৃষ্ঠপোষক কিউবি, আসুস, গিগাবাইট, বুলগার্ড, লজিটেক, ফুজিৎসু ও টিপিলিংক। বিস্তারিত জানা যাবে www. digitalictfair.com ঠিকানার ওয়েবসাইট থেকে। —জিয়াউর রহমান চৌধুরী