কাল থেকে ঢাকায় ই-কমার্স মেলা
ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে রাজধানীর ধানমন্ডি সেলিব্রিটি কনভেনশন সেন্টারে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘ন্যাশনাল ই-কম ফেস্ট ২০১৬’। গতকাল মঙ্গলবার রাজধানীর বিআইজেএফ কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলা আয়োজক প্রতিষ্ঠান সার্চিং ইনফিনিটির ব্যবস্থাপনা পরিচালক খান শোয়েব মোস্তফা। তিনি বলেন, ‘ই-কমার্সের ধারণাকে সাধারণ মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য। মেলাটির প্রধান আকর্ষণ ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনী এবং বিপণন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল ও নানা শিল্পের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। প্রতিদিন উদ্যোক্তাদের আড্ডা থাকবে, যেখানে ই-কমার্স নিয়ে উদ্যোক্তাদের ভাবনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং দর্শনার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু উঠে আসবে। থাকছে ই-কমার্স বিষয়ক কর্মশালা, সেমিনার ও বিজনেস টু বিজনেস সভা। সংবাদ সম্মেলনে সার্চিং ইনফিনিটির পরিচালক আজাদ খান ও গোলাম রসুল খান, হ্যালো ইভেন্টস ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান এবং ফ্যাশন ফেস্টিভ্যালের নির্বাহী সম্পাদক সাঈদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, কম্পিউটার পণ্য, তৈরি পোশাকশিল্প, পাটশিল্প, কুটির শিল্প, বুটিক শিল্প থাকছে। বিশেষ আকর্ষণ হিসেবে মেলার শেষ দিনে মিডিয়া পার্টনার ফ্যাশন ফ.েস্টিভ্যালের আয়োজনে ফ্যাশন শো ‘কায়া ফ্যাশন নাইট ২০১৬’ অনুষ্ঠিত হবে। মেলার সার্বিক সহযোগিতায় থাকছে ই-সেবী, সহ–পৃষ্ঠপোষক পারপেল ফ্যাশন, মিডিয়া পার্টনার হিসেবে আরও আছে টেকজুম ডট টিভি, টি-শার্ট সহযোগী নিউ মুন ক্লথিং, প্রচার সহযোগী হ্যালো ইভেন্টস, উপহার সহযোগী যমুনা এক্সপ্রেস, আপারা ফ্যাশন ও লেকবুয়াস। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।