কাল থেকে ঢাকায় ডিজিটাল মেলা
আগামীকাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ডিজিটাল এক্সপো মেলা। ‘টুয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ’ স্লোগানে ঢাকার শেরাটন হোটেলে এ মেলা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। কাল সকালে উদ্বোধনের পর মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গতকাল সোমবার ঢাকায় বিসিএস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার ও মেলার আহ্বায়ক শাহিদ-উল-মুনীর। এ সময়ে উপস্থিত ছিলেন এশিয়া ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি শিল্প খাতের সংগঠনগুলোর সংস্থা—এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশনের (অ্যাসোসিও) সভাপতি লুই কিয়েন লিয়ং, উপ-সভাপতি আবদুল্লাহ এইচ কাফী, বিসিএসের মহাসচিব মজিবুর রহমানসহ বিসিএসের নির্বাহী কমিটির সদস্যরা।চার দিনের এ মেলায় একই সঙ্গে অনুষ্ঠিত হবে অ্যাসোসিও মাল্টিল্যাটারাল ট্রেড ভিজিট। মেলায় ৪৫টি প্রতিষ্ঠান ২০টি প্যাভেলিয়ন ও ৪২টি স্টলে প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে। মেলায় থাকছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ, ওয়াই-ফাই ও বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। বিভিন্ন বিষয়ে তিনটি সেমিনার হবে। আর থাকছে দিনবদলের গল্প শিরোনামের বিশেষ অনুষ্ঠান।টিকিটের দাম ২০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবে। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেলা উপলক্ষে বিশেষ লিফলেট দেওয়া হবে এবং লিফলেট দেখিয়ে অর্ধেক দামে টিকিট কেনা যাবে। মেলার সহযোগী বিজনেস প্রমোশন কাউন্সিল, প্ল্যাটিনাম পৃষ্ঠপোষক এক্সিয়েটা (বাংলাদেশ) লিমিটেড, গোল্ড পৃষ্ঠপোষক স্যামসাং ও মাইক্রোসফট, ওয়াইম্যাক্স সহযোগী বাংলালায়ন। মেলার বিস্তারিত তথ্য www.bcsdigitalexpo.com.bd ঠিকানার ওয়েবসাইটে পাওয়া যাবে। —নুরুন্নবী চৌধুরী