কাল থেকে ঢাকায় ডিজিটাল মেলা
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) আয়োজনে ও বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রলায়য়ের সহযোগিতায় কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১১’ নামে তথ্যপ্রযুক্তির মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ১৩ মার্চ পর্যন্ত চলবে এ মেলা। মেলার স্লোগান হচ্ছে ‘নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ’।মেলার আগে গতকাল সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার মেলার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন ‘এই মেলার মাধ্যমে তরুণদের নানাভাবে উৎসাহিত করার ব্যবস্থা থাকবে ও এই মেলার মাধ্যমে সবার সঙ্গে প্রযুক্তির একটা যোগসূত্র স্থাপিত হবে।বিসিএস ডিজিটাল এক্সপো ২০১১-এর আহ্বায়ক মজিবুর রহমান স্বপন বলেন, ‘এবারের মেলায় বিভিন্ন প্রযুক্তি পণ্যের সর্বশেষ সংস্করণ ও বিভিন্ন পণ্যে মূল্য ছাড়ের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া বিশ্বকাপ উপলক্ষে মেলার বিভিন্ন স্থানে বড় পর্দার মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান ‘এবারের মেলায় দেশি-বিদেশি ৬৬ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় থাকছে ৭৩টি স্টল এবং ২৯টি প্যাভিলিয়ন।মেলায় প্রতিদিন প্রযুক্তি-সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার ছাড়াও কুইজ প্রতিযোগিতা, প্রবেশ টিকিটের র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলায় ওয়াইমেক্স প্রযুক্তির সাহায্যে বিনা মূল্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করার পাশাপাশি শিশুদের জন্যও কম্পিউটার গেম খেলার সুযোগ থাকছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের মেলায় শিশুদের জন্য বয়সভিত্তিক তিনটি গ্রুপে স্কুলের শিক্ষার্থীদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার গ্রুপ এবং বিষয়গুলো হলো ক গ্রুপ (বয়স ৩-৬): যেমন খুশি তেমন আঁকো, খ গ্রুপ (৭-৯): কম্পিউটার/ল্যাপটপ/তথ্য-প্রযুক্তি এবং গ গ্রুপ (১০-১২): ডিজিটাল বাংলাদেশ।এ ছাড়া শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন প্রকল্প প্রদর্শনের ব্যবস্থা থাকবে। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।সংবাদ সম্মেলনে বিসিএসের পরিচালক ইউসুফ আলী, সহসভাপতি কাজী আশরাফুল আলম, মেলার অন্যতম পৃষ্ঠপোষক কিউবির গ্রাহক বিপণন ব্যবস্থাপক শোভন চক্রবর্তী, ইকারাস ইনফোটিস লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা শারমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। —মোছাব্বের হোসেন