কাল থেকে ঢাকায় তৃতীয় বিডিনগ সম্মেলন

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ১৮ মে থেকে ২৩ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে বিডিনগের তৃতীয় সম্মেলন। ১৮ মে ঢাকার লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান।
নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ বা নগ হচ্ছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারদের একটি গ্লোবাল কমিউনিটি বা ফোরাম যাঁরা নিজেদের মধ্যে অপারেশনাল বিষয়ক জ্ঞান, অভিজ্ঞতা ও মতামত বিনিময় করে। ফলে বিডিনগও অন্যান্য দেশ ও অঞ্চলের মতো নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ যেমন, সাউথ এশিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (সেনগ), নর্থ আমেরিকান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (ন্যানগ), জাপান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (জেনগ), অস্ট্রেলিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (অসনগ), এশিয়া প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিস (অ্যাপ্রিকট) এর সঙ্গে কাজ করবে।
বিডিনগ ২০১৩ সালের ১ অক্টোবর থেকে একটি অলাভজনক সংগঠন হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এর আগে গত বছরে ১৯-২৪ মে ঢাকায় প্রথম সম্মেলন এবং ১১-১৫ নভেম্বর কক্সবাজারে দ্বিতীয় সম্মেলন সফলভাবে আয়োজন করে বিডিনগ। ঢাকায় তৃতীয় সম্মেলন উপলক্ষে ১৬ মে ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিডিনগ।
আয়োজকেরা জানিয়েছেন, ১৮ মে লেকশোর হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন এশিয়া-প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ (বিডিআইএক্স) এর চেয়ারম্যান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। সম্মেলনের অংশ হিসেবে ১৯ থেকে ২৩ মে রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য অনুষ্ঠিত হবে অ্যাডভান্সড রাউটিং অ্যান্ড বিজিপি, আইপি টেলিফোনি, লিনাক্স সিস্টেম অ্যাডমিন অ্যান্ড নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয়ের কারিগরি কর্মশালা।
আয়োজকেরা জানান, বিডিনগ প্রত্যেক বছর নিয়মিতভাবে দুটি সম্মেলন আয়োজন করবে। একটি ঢাকায় এবং একটি ঢাকার বাইরে অন্য কোনো শহরে। এই ধারাবাহিকতায় আমাদের চতুর্থ বিডিনগ সম্মেলন অনুষ্ঠিত হবে এই বছরের নভেম্বরে সিলেটে। তিনি বলেন, এ সম্মেলনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বিডিনগ সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল গবেষণা সম্পাদন, স্থানীয় তথ্যপ্রযুক্তি মেধাবীদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করা।
বিডিনগ বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বলেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন যেমন-ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স (আইইটিএফ), এশিয়া-প্যাসেফিক রিজওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিস (অ্যাপ্রিকট), এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার এপনিক প্রভৃতিতে তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও প্রকৌশলীদের অংশগ্রহণে আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য বিডিনগ থেকে একটি অর্থ তহবিল গঠন করার চেষ্টা করছি আমরা। এর মাধ্যমে স্থানীয় মেধাবীদের আমরা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যাবে।
বিডিনগ সাধারণ সম্পাদক ফখরুল আলম বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি প্রকৌশলীদের এক সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়। এতে আমাদের স্থানীয় প্রকৌশলীরা নতুন নতুন জ্ঞান অর্জনের সুযোগ পান। তিনি জানান, দেশে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষ জনশক্তি তৈরি হবে। এতে করে দেশের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সহসভাপতি ও বিডিনগ বোর্ড অব ট্রাস্ট্রির সদস্য এফ এম রাশেদ আমিন বিদ্যুৎ বলেন, বিডিনগের এবারের আয়োজনে সহ-আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে আইএসপিএবি। সহযোগিতায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের সম্মেলনে সরকারের সহযোগিতা ও অংশগ্রহণ বাড়লে স্থানীয় তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও প্রকৌশলীরা আরও বেশি উপকৃত হবে।
বিডিনগ কর্তৃপক্ষ জানিয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন কারিগরি ক্ষেত্রে সাংবাদিকদের জন্য সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চায় বিডিনগ। ফলে, নেটওয়ার্ক ও ইন্টারনেট বিষয়ক যেকোনো কারিগরি তথ্যের জন্য বিডিনগের সঙ্গে যোগাযোগ করা যাবে সহজে। বিডিনগ সম্পর্কে বিস্তারিত জানতে বা নিবন্ধন করতে যেতে হবে (www. bdnog. org) বিডিনগের ওয়েবসাইটে।