কাল থেকে বিসিএসের কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেবারে নতুন স্থানে কম্পিউটার ও মোবাইল ফোনের মেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। ‘তথ্যই শক্তি, প্রযুক্তিতে মুক্তি’ স্লোগান নিয়ে এ মেলা কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে রাজধানীর প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কে। ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪’ নামের এ মেলা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। এদিকে আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে আজ শুরু হচ্ছে সিটিআইটি ২০১৪ মেলা।
গতকাল মঙ্গলবার বিসিএসের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আইসিটি ওয়ার্ল্ড মেলার বিস্তারিত জানানো হয়। যমুনা ফিউচার পার্কের লেভেল-৪-এ হবে এ মেলা। মেলার মাধ্যমে এখানে চালু হবে তথ্যপ্রযুক্তি পণ্যের বাজার।
সম্মেলনে বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘তথ্যপ্রযুক্তি বিশ্ব, ডিজিটাল জীবনধারা ও মুঠোফোনভিত্তিক নতুন সব উদ্ভাবনের খোঁজ মিলবে মেলায়। পাশাপাশি থাকবে সচেতনতা তৈরি ও বিনোদনমূলক বৈচিত্র্যময় নানা আয়োজন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসের সহসভাপতি মো. মঈনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান, পরিচালক এ টি শফিক উদ্দিন আহমেদ, মো. ফয়েজউল্ল্যাহ্ খান, মজিবুর রহমান, মেলার পৃষ্ঠপোষক বাংলালায়নের মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান জি এম ফারুক খান, বিজ্ঞাপনী সংস্থা মাত্রার প্রধান নির্বাহী খন্দকার আলমগীরসহ অনেকে।
সম্মেলনে জানানো হয়, আড়াই লাখ বর্গফুট জায়গাজুড়ে নতুন এই প্রযুক্তিবাজার গড়ে তোলা হয়েছে। দেড় শতাধিক প্রতিষ্ঠান মেলায় পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলায় থাকবে তারকাদের নিয়ে আয়োজন, কুইজ প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী ইত্যাদি। মেলায় কয়েকটি সেমিনারও অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে শিক্ষার্থীদের জন্য থাকছে ডিজিটাল ও প্রচলিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভার্চুয়াল ক্রীড়া প্রতিযোগিতা, গেম প্রতিযোগিতা ইত্যাদি। এবারের মেলা ডিজিটাল শিক্ষা অঞ্চলও থাকবে। পুরো মেলা প্রাঙ্গণে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকছে। থাকছে আকর্ষণীয় ছাড় এবং বিশেষ উপহার। চাইলে অনলাইনেও মেলার কেনাকাটা করা যাবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে মেলায় বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল মেলা আয়োজনে সহযোগিতা করছে। পৃষ্ঠপোষক হিসেবে আছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেড ও ক্যাসপারস্কি। ব্যবস্থাপনায় রয়েছে মাত্রা। বিস্তারিত: www.bcsictworld.com.bd।
সিটিআইটি আজ থেকে: আজ সকাল সাড়ে ১০টায় উদ্বোধন হবে আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা সিটিআইটি ২০১৪। এতে কম্পিউটার সিটির ১৬০টি প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা ১১টায় দর্শকদের জন্য খোলা হবে, চলবে রাত আটটা পর্যন্ত।
—রাহিতুল ইসলাম