কাল থেকে মিয়ানমারে আইসিটি সামিট
মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে কাল সোমবার থেকে শুরু হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সংগঠনগুলোর সংখ্যা অ্যাসোসিওর বার্ষিক সম্মেলন ‘২০১৬ অ্যাসোসিও আইসিটি সামিট’। এতে সদস্য সংগঠনগুলোর সাধারণ সভা এবং অ্যাসোসিও পুরস্কারও দেওয়া হবে। তিন দিনের এই সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের নেতৃত্বে বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের ২০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। ১৬ নভেম্বর দুপুরে অতিথি বক্তা হিসেবে ডিজিটাল বাংলাদেশ নিয়ে সম্মেলনে কথা বলবেন জুনাইদ আহ্মেদ।
রাজধানীর বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) উদ্ভাবনী কেন্দ্রে গতকাল শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো তুলে ধরা হয়। বিসিএসের সভাপতি আলী আশফাক, মহাসচিব সুব্রত সরকার, পরিচালক মো. শহিদ-উল-মুনীরসহ অনেকে।
এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন, সংক্ষেপে অ্যাসোসিও মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইসিটি শিল্পের সংগঠন। এই অঞ্চলের ২৪টি দেশের পূর্ণ সদস্য এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সাতটি দেশের অতিথি সদস্যদের নিয়ে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করা হয়। মূল লক্ষ্য, সদস্য সংগঠনগুলোর মধ্যে প্রযুক্তিগত ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি। এ বছর অ্যাসোসিও আইসিটি সামিটের ১৪তম আসর। মিয়ানমারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করছে মিয়ানমার কম্পিউটার ফেডারেশন। মূল প্রতিপাদ্য, আশিয়ান সদস্যরাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়নে ডিজিটাল রূপান্তর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’ এবং ‘আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি অ্যাওয়ার্ড’ পুরস্কার দুটি জিতবে বলে তারা আশাবাদী। আগামী ২০১৭-১৮ মেয়াদের জন্য অ্যাসোসিও গভর্নিং কাউন্সিল নির্বাচন করা হবে সম্মেলনে। এই নির্বাচনে বিসিএসের সভাপতি আলী আশফাককে অ্যাসোসিওর ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া সম্মেলনের তিন দিনে ব্যবসায়ের ক্ষেত্র তৈরি, সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরিচয় বাড়ানো, দ্বিপক্ষীয় ব্যবসায়িক চুক্তি থাকবে।