কাল থেকে যশোরে বিসিএসের ডিজিটাল মেলা
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যশোর শাখার উদ্যোগে কাল থেকে যশোরে শুরু হচ্ছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রদর্শনী ‘বিসিএস ডিজিটাল এক্সপো যশোর ২০১১’। শহরের মুন্সী মেহেরুল্লাহ রোডে পৌর কমিউনিটি সেন্টারে এ মেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। খবর বিজ্ঞপ্তির।মেলা উপলক্ষে গতকাল রোববার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মেলার কেন্দ্রীয় সমন্বয়কারী কাজী আশরাফুল আলম মেলার বিভিন্ন তথ্য জানান। এ সময় সমিতির যশোর শাখার কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা, মেলার আহ্বায়ক দীনেশ মজুমদারসহ অনেকেই উপস্থিত ছিলেন। সম্মেলনে জানানো হয়, কাল উদ্বোধনের পর থেকে রাত আটটা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন থেকে খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রেতা ২৫টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে। মেলার ৩৫টি স্টলে ডিজিটাল জীবনধারাভিত্তিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হবে। এ ছাড়া মেলার গেমিং জোনে শিশুদের জন্য বিনা মূল্যে থাকছে গেম খেলার সুযোগ। মেলার চতুর্থ দিন শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বয়স ও বিষয়ভিত্তিক তিনটি গ্রুপে স্কুল শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। একই দিন দুপুর আড়াইটায় ‘ডিজিটাল যশোর’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে কমভ্যালি লিমিটেড, কণিকা প্রিন্টার, স্মার্ট টেকনোলজি (বিডি) লি. এবং ইউনাইটেড কম্পিউটার সেন্টার।