কাল থেকে রাজশাহীতে ডিজিটাল মেলা
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) রাজশাহী শাখার উদ্যোগে রাজশাহী জেলা জিমনেসিয়ামে কাল বুধবার থেকে পাঁচ দিনের মেলা শুরু হচ্ছে। ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী ২০১২’ নামের এ মেলা শুরুর আগে গতকাল সোমবার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মেলার আহ্বায়ক আবুল ফজল কাশেমী। এতে বলা হয়, ‘ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি’ স্লোগান নিয়ে ডিজিটাল প্রযুক্তিপণ্য ও সেবা এবং ডিজিটাল জীবনধারা নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এতে ৩৩টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রায় ২৫ হাজার বর্গফুট জায়গায় ৩৫টি স্টল ও পাঁচটি প্যাভিলিয়ন থাকবে। এখানে প্রবেশের জন্য ১০ টাকার একটি টিকিটের ব্যবস্থা থাকলেও স্কুলের শিক্ষার্থীদের কোনো টিকিট লাগবে না বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলার কেন্দ্রীয় সমন্বয়কারী এ টি শফিক উদ্দিন আহমেদ। —নিজস্ব প্রতিবেদক, রাজশাহী