কাল থেকে শান্তিনগরে কম্পিউটার ও মোবাইল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার থেকে ঢাকার শান্তিনগরে শুরু হচ্ছে ‘বিসিএস কম্পিউটার ও মোবাইল মেলা’। ইস্টার্ন প্লাস-বিসিএস ল্যাপটপ বাজারের আয়োজনে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।
গতকাল সোমবার শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন মেলার সভাপতি আবদুল মমিন খান। এ সময় তিনি বলেন, ‘এবারের মেলায় ১৫০টি স্টলে মোবাইল ফোন ও কম্পিউটার পণ্য প্রদর্শন করা হবে। মেলায় থাকছে নতুন প্রযুক্তিপণ্য এবং সঙ্গে রয়েছে ছাড় ও উপহার।’
মেলায় থাকবে ওয়াই-ফাই জোন। মেলায় ঢুকতে কোনো টিকিট লাগবে না। যেকোনো পণ্য কিনলেই পাওয়া যাবে র‌্যাফল ড্রর কুপন। কাল সকাল ১০টায় উদ্বোধন শেষে দর্শকদের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।
মেলার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আসুস, এভিরা ও ডি-লিংক। —রাহিতুল ইসলাম