কাল থেকে শুরু হচ্ছে কম্পিউটার সিটির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার থেকে ঢাকার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা শুরু হচ্ছে। ‘ডিজিটাল লাইফ, বেটার লাইফ’ স্লোগান নিয়ে ‘সিটি আইটি ২০১১’ নামের এ মেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। মেলার প্রাক্কালে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মেলা কমিটির আহ্বায়ক এ এল মজহার ইমাম চৌধুরী জানান, বিসিএস কম্পিউটার সিটির প্রায় দেড় লাখ বর্গফুট জায়গায় হচ্ছে এ মেলা। এক ছাদের নিচে প্রযুক্তির সব পণ্যের প্রদর্শনী হবে মেলায়। তিনি বলেন, মেলায় প্রায় ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সম্মেলনে উপস্থিত ছিলেন কম্পিউটার সিটির সভাপতি এ টি শফিক উদ্দিন আহমেদ, বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা আব্রাহাম কায়কোবাদসহ অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তি, দ্রুতগতির তারহীন ইন্টারনেট সেবা ওয়াইম্যাক্সের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে একাধিক সেমিনার, আয়োজন থাকবে। মেলায় একটি ‘নলেজ ম্যানেজমেন্ট জোন’ থাকছে। এখানে তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য উদ্ভাবন দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। মেলায় গুণীজন সংবর্ধনাও থাকছে। মেলায় বরাবরের মতো থাকছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমস প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি প্রভৃতি আয়োজন। সিটি আইটি ২০১১ কম্পিউটার মেলার প্রধান পৃষ্ঠপোষক তারহীন ওয়াইম্যাক্স সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালায়ন কমিউনিকেশনস লিমিডেট। সহকারী পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ক্যাসপারস্কি, লাইট-অন, স্যামসাং ও তোশিবা। মেলার বিস্তারিত জানা যাবে www.bcscomputercity.org.bd ঠিকানার ওয়েবসাইটে।মেলা প্রতিদিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য রাখা হবে ১০ টাকা। স্কুলের শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখালে কোনো প্রবেশমূল্য লাগবে না। —তারিকুর রহমান খান