কাল থেকে শুরু হচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে ৬ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ নামের তিন দিনের এক প্রযুক্তি মেলা। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এ মেলার আয়োজক। ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’তে প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষার্থী ও তরুণদের জন্য থাকছে সেমিনার, সম্মেলন ও বিভিন্ন কর্মশালা। এ ছাড়াও থাকছে উদ্যোক্তা সম্মেলন, সার্টিফিকেশন কোর্স, উদ্যোক্তা মেলা, তথ্যপ্রযুক্তিনির্ভর নতুন পণ্য প্রদর্শনী।মেলার প্রথম দিন ৬ ডিসেম্বর দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে থাকছে ‘ডিজিটাল এন্টারপ্রেনর কনফারেন্স’ নামের উদ্যোক্তা সম্মেলন। এক হাজারের বেশি উদ্যোক্তা অংশ নেবেন এ সম্মেলনে। ৭ ডিসেম্বর হবে ক্লাউড ক্যাম্প। বাংলাদেশে প্রথমবারের মতো এ ক্লাউড ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। ক্লাউড কম্পিউটিংয়ের নানা দিক নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় আলোচনা করা হবে ক্লাউড ক্যাম্পে। এ দিনেই অনুষ্ঠিত হবে ফ্রিল্যান্সিং সম্মেলন। দেশের ফ্রিল্যান্সারদের সঙ্গে এ সম্মেলনে যোগ দেবেন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সিং সংশ্লিষ্টরাও। মেলায় থাকছে টেক ব্যাক দ্য টেক, মিট দ্য লিডারস, চিলড্রেন্স ডিজিটাল ওয়ার্ল্ড সমাবেশ। তিন দিনের এ আয়োজনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিনির্ভর শতাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের প্রকল্প প্রদর্শন করবে।