কাল থেকে সাইবার গেমস প্রতিযোগিতা
বিশ্ব সাইবার গেমস (ডব্লিউসিজি) বাংলাদেশ২০১২ প্রতিযোগিতা আগামীকাল ৮ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে। ১ নভেম্বর থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন-প্রক্রিয়াও শুরু হয়েছে। তিন দিনের এ প্রতিযোগিতায় ১২ বছরের বেশি বয়সী গেমাররা মোট চারটি গেমসে অংশ নিতে পারবেন। এককভাবে এনএফএস মোস্ট ওয়ান্টেড ও ফিফা ২০১২ এবং দলগতভাবে কল অব ডিউটি ও কাউন্টার স্ট্রাইক গেমসে অংশ নেওয়ার সুযোগ পাবে গেমাররা। বিজয়ীদের আড়াই লাখ টাকা সমমূল্যের পুরস্কার দেওয়া হবে। আর প্রতিযোগিতা হবে ডব্লিউসিজির আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে। গত রোববার রাতে রাজধানীর এক রেস্তোরাঁয় প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডব্লিউসিজির কান্ট্রি ম্যানেজার এইচ এম ফয়েজ মোর্শেদ, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক কাজী ফারুক আহমেদ, কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অনুষ্ঠান-ব্যবস্থাপক তাজুল ইসলামসহ আরও অনেকে। এইচ এম ফয়েজ মোর্শেদ জানান, m.computersourcebd.com/wcg2012 ঠিকানার ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে আজ ৬ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। এ ছাড়া আইইউবির ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাস এবং কম্পিউটার সোর্সের ঢাকা ও ঢাকার বাইরের শাখাগুলোতে সরাসরি নিবন্ধন করা যাবে। প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করেছে আইইউবি ও কম্পিউটার সোর্স লিমিটেড। আইইউবির ঢাকা ক্যাম্পাসে প্রতিযোগিতা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতা আয়োজনে সহযোগী হিসেবে আছে লজিটেক, অ্যাপাসার, সিএসএম, রেজার, অ্যান্টেক, কোরসেয়ার ও স্টিল সিরিজ। —জিয়াউর রহমান চৌধুরী