কাল দুপুরে মিলবে জেএসসি-জেডিসি ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০১৩ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আগামীকাল রোববার প্রকাশ করা হবে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সব প্রতিষ্ঠানের প্রধানেরা তাঁদের পরীক্ষার্থীর ফল সংগ্রহ করতে পারবেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ই-মেইল বা ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboard.gov.bd ওয়েবসাইটের webmail ব্যবহার করে প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের পরীক্ষার ফল নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।

খুদে বার্তার মাধ্যমে ফল পাওয়ার পদ্ধতি টেলিটক বাংলাদেশের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

এবার শীর্ষ প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে পাঁচটি বিষয় বিবেচনা নেওয়া হয়েছে। এগুলো হলো—নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষায় পাসের হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ।

শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফল পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন পদ্ধতি টেলিটক বাংলাদেশের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।