কাল বিআইজেএফ নির্বাচন
দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০১৭-১৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা জব্বার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। আশা করছি চমৎকার পরিবেশে সুষ্ঠুভাবে বিআইজেএফের নির্বাচন অনুষ্ঠিত হবে।’ কাল ভোট গ্রহণের পরপরই ভোট গণনা করে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে বলে তিনি জানান।
নির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮টি পদে লড়ছেন ২১ জন প্রার্থী। সভাপতি পদে আরাফাত সিদ্দিকী (এটিএন নিউজ), ওয়াশিকুর রহমান (আমাদের সময়) ও রাহিতুল ইসলাম (কমপিউটার জগৎ) এবং সাধারণ সম্পাদক পদে হাসান জাকির (সমকাল), নাজমুল হোসেন (নয়া দিগন্ত), নুরুন্নবী চৌধুরী (সি নিউজ) ও সাব্বিন হাসান (টেকওয়ার্ল্ড বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি পদে টেকওয়ার্ল্ড বাংলাদেশ-এর নাজনীন নাহার একমাত্র প্রার্থী থাকায় এ পদে নির্বাচন হচ্ছে না। এবারের নির্বাচনে মোট ভোটার ৬৬ জন।