রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে কাল শনিবার বসবে মোবাইল অ্যাপলিকেশন (অ্যাপ) তৈরির আয়োজন ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬-এর বুটক্যাম্প। এই বুটক্যাম্পে দেশের ১০০টি বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। দিনব্যাপী এ আয়োজনে প্রতিযোগীদের জন্য নয়টি অধিবেশন থাকবে। এগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ লাইফ সাইকেল, গেম ডিজাইন, ইউএক্স ও ইউআই, অ্যাপ ব্যাকএন্ড, অ্যাপ মনিটাইজেশন ও অ্যান্ড্রয়েড পুশ নোটিফিকেশন উল্লেখযোগ্য। দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা মোবাইল অ্যাপলিকেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এতে।
এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান গতকাল বৃহস্পতিবার বলেন, অ্যাপ বিষয়ে প্রতিযোগীদের যাতে কোনো রকম দুর্বলতা না থাকে, তাই এ আয়োজন। এই ক্যাম্পে প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছে অ্যাপ সম্পর্কিত বিষয়ে যেকোনো সমস্যার সমাধান জানার সুযোগ পাবেন প্রতিযোগীরা। বুটক্যাম্পের পর এ মাসের ২৫ ও ২৬ তারিখে নির্বাচিত প্রতিযোগীরা বিচারকদের সামনে নিজেদের ধারণাপত্র উপস্থাপন করবেন।
ইএটিএল-প্রথম আলো আয়োজিত এই প্রতিযোগিতা চতুর্থবারের মতো শুরু হয়েছে গত ২৪ মে। এরপর সারা দেশের প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হয়। একই সঙ্গে চলে অ্যাকটিভেশন পর্ব। পরবর্তী ধাপে সারা দেশ থেকে প্রাথমিকভাবে জমা পড়া ধারণাপত্রের মধ্য থেকে ৫০০টি ধারণাপত্র নির্বাচন করা হয় গত ২৪ সেপ্টেম্বর। শিক্ষার্থীরা দলগতভাবে এসব ধারণাপত্র জমা দেন।
প্রতিযোগিতায় সেরা অ্যাপের জন্য রয়েছে ১০ লাখ টাকা পুরস্কার। সঙ্গে ট্রফি থাকছে। এ ছাড়া প্রতি বিভাগে প্রথম স্থান অর্জন করা অ্যাপ পাবে দুই লাখ টাকা। ইএটিএল ও প্রথম আলো আয়োজিত এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক বিশ্বব্যাংক ও কানাডা। প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও চ্যানেল আই।
রাহিতুল ইসলাম