কাল শুরু হচ্ছে ‘কিউবি ল্যাপটপ মেলা’
২২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ঢাকায় জাতীয় সামরিক জাদুঘরে শুরু হচ্ছে ‘কিউবি ল্যাপটপ মেলা’। চার দিনের এ মেলায় বিভিন্ন প্রযুক্তিপণ্যের প্রদর্শনী দেখা, পণ্যে ছাড় ও সুবিধায় পণ্য কেনার সুযোগ থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মেলা।মেলার প্রবেশমূল্য ২০ টাকা। বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে হলে মেলা প্রাঙ্গণে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে। ফ্রি অ্যাকাউন্ট খুলতে সঙ্গে আনতে হবে পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজ ছবি আর মোবাইল ফোন নম্বর।‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে অনুষ্ঠিতব্য ‘কিউবি ল্যাপটপ মেলা-২০১৩’-এর আয়োজক এক্সপো মেকার। কিউবি ল্যাপটপ মেলা-২০১৩ হচ্ছে এক্সপো মেকার আয়োজিত দ্বাদশ ল্যাপটপ মেলা। গত মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার আয়োজকেরা মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন।সংবাদ সম্মেলনে ‘কিউবি ল্যাপটপ মেলা ২০১৩-এর সমন্বয়ক আল আমীন দেওয়ান জানিয়েছেন, ল্যাপটপের চাহিদা বাড়ছে। মেলা থেকে মানুষ পছন্দসই ল্যাপটপ ও প্রযুক্তিপণ্য কিনতে পারবেন।মেলার সমন্বয়ক আরও জানিয়েছেন, এবারের আয়োজনে সাতটি প্যাভিলিয়ন, আটটি মিনি প্যাভিলিয়ন ও ৪২টি স্টলে কিউবি, এসার, আসুস, এইচপি, ইনটেল, স্যামসাং, গিগাবাইট, তোশিবা, অ্যাপল, লেনোভো, এমএসআই, বিজয়সহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ওয়াইম্যাক্স ইন্টারনেট ডিভাইস ও অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। নতুন প্রজন্মের কথা মাথায় রেখে এবার কিছু বিশেষ আয়োজন থাকছে। নতুন পণ্যের প্রদর্শনী, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বেশি উপহার ও গেম জোন থাকছে। মেলার ছাড়মেলায় এসার নতুন আলট্রাবুক প্রদর্শন করবে। এছাড়াও বিভিন্ন পণ্যে ছাড় দেবে। এইচপির প্যাভিলিয়নেও থাকবে ছাড়। মেলায় স্যামসাং পণ্য কিনলে লটারিতে থাকছে ৪৬ ইঞ্চি এলইডি টিভি ও নেপাল ভ্রমণের সুযোগ, বিকাশ দেবে বিনামূল্যে অ্যাকাউন্ট খোলার সুযোগ।