কালও চলবে যমুনা ফিউচার পার্কের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় উত্সাহী দর্শক
মেলায় উত্সাহী দর্শক

বুধবার সাপ্তাহিক ছুটি সত্ত্বেও ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১৪’ উপলক্ষে খোলা থাকবে রাজধানীর কুড়িলের যমুনা ফিউচার পার্ক। ২৭ ফেব্রুয়ারি থেকে বিসিএসের আয়োজনে এখানে চলছে প্রযুক্তিপণ্যের মেলা।

মেলার আয়োজকের জানিয়েছেন, কম্পিউটার ও মোবাইলসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের সর্বশেষ সংস্করণ ও সেবার দেখা মিলছে বিসিএসআইসিটিওয়ার্ল্ডে। এখানে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে বিশেষ ছাড়ে। সঙ্গে থাকছে নানা উপহার।

দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলায় রয়েছে বৈচিত্র্যময় আয়োজন । ইভেন্ট কর্নারে সেলিব্রেটিদের সঙ্গে জম্পেশ আড্ডা দিচ্ছেন দর্শনার্থীরা। শুনছেন গান, জনপ্রিয় ব্যক্তিত্বদের মজার নানা অভিজ্ঞতা। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপস্থিত থাকবেন অভিনয়শিল্পী নওশীন।

মেলায় দর্শনার্থীদের বেশির ভাগই তরুণ। কিন্তু সব বয়েসি মানুষের পদচারণাই রয়েছে এখানে। তরুণদের বেশি আগ্রহ স্মার্ট ফোন, ল্যাপটপ আর ট্যাবলেট কম্পিউটারে।

প্রদর্শনীর আরেকটি বড় আকর্ষণ ‘র্যাফেল ড্র’। ল্যাপটপ, ট্যাবলেট পিসি, মেমোরি স্টোরেজ, প্রিন্টার, অ্যান্টিভাইরাস, পেনড্রাইভসহ প্রতিদিন ১০টি জনপ্রিয় প্রযুক্তিপণ্যের যে কোনোটি পেতে সন্ধ্যা না নামতেই ইভেন্ট কর্নারে ভিড় করছেন দর্শনার্থীরা।
প্রদর্শনীতে ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রযুক্তির ক্যানভাসে শিশু কিশোরেরা আঁঁকছে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ। এ প্রতিযোগিতা চলছে তিন গ্রুপে চলছে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। শুক্রবার বেলা তিনটায় আয়োজন থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ৩ থেকে ১২ বছর বয়সী শিশুরা এতে অংশ নিতে পারবে।
মেলায় আলাদাভাবে চলছে ভারচুয়াল ওয়েব ফেয়ার। ঘরে বসেই এতে অনলাইনে কেনাকাটা সেরে নিতে পারবেন দর্শনার্থীরা।
পুরো মেলা প্রাঙ্গণেই ফ্রি ওয়াই-ফাই সুবিধা রয়েছে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত। মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত।