কালকিনিতে তথ্যসেবার কার্যক্রম ব্যাহত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশের মতো মাদারীপুরের কালকিনি উপজেলার ১৪টি ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) চালু করা হলেও, এখন তা কোনো কাজে আসছে না। এসব তথ্যকেন্দ্রের ফলাফল ও বাস্তবতা হতাশাব্যঞ্জক। অনুন্নত যাতায়াত-ব্যবস্থা ও অদক্ষতার কারণে তথ্যসেবার কার্যক্রম স্তিমিত হয়ে পড়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে গত বছরের ১১ নভেম্বর সারা দেশের সব ইউনিয়ন পরিষদে (ইউপি) তথ্য ও সেবাকেন্দ্র একযোগে চালু হয়। এসব কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য ছিল, তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। তবে কালকিনির ইউনিয়নগুলোয় সে উদ্দেশ্য পূরণ হয়নি।সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্র চালু থাকলেও দুটি প্রিন্টার ও ফটোস্ট্যাট মেশিন দীর্ঘদিন ধরে নষ্ট। উপজেলায় দক্ষ টেকনিশিয়ান না থাকায় ওগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। ডাসার ও আলীনগরে উদ্যোক্তা ও দক্ষ লোকের অভাবে তা অচল। বালীগ্রামে জনগণ কেন্দ্রে যায় না বলে এলাকার যুবকেরা মাঝেমধ্যে কম্পিউটারে গান শোনেন। এ ছাড়া অন্যান্য ইউনিয়নে মালামালগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বা কেউ কেউ তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছে।বাঁশগাড়ী ইউপির (ইউপি) সচিব আকন মোশাররফ হোসেন বলেন, জনগণ মনে করে, এটা সরকারি, তাই টাকা দিতে চায় না। সরকারিভাবে উদ্যোক্তা (কেন্দ্রের কম্পিউটার অপারেটর) নিয়োগ করে তার ভাতার ব্যবস্থা করলে তথ্যসেবাকেন্দ্র সচল রাখা সম্ভব। আলীনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির হোসেন বেপারী বলেন, দক্ষ জনশক্তি ও উদ্যোক্তার অভাবে তথ্যসেবার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।কালকিনির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়াজ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এ কার্যক্রম সচল রাখার জন্য আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। —খায়রুল আলম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি