কালথেকে ঢাকায় বেসিসের সফওয়্যার মেলা
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে আগামীকালথেকে ঢাকায় শুরু হচ্ছে ‘বেসিস সফটএক্সপো-২০১১’। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে এ মেলা। এতে দেশি ১১০টি ও বিদেশি ১০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গতকাল রাজধানীর একটি হোটেলে বেসিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বেসিসের সভাপতি মাহবুব জামান বলেন ‘তথ্যপ্রযুক্তি নিয়ে যে শিল্প তৈরি হয়েছে, সেটির সঙ্গে এর ব্যবহারকারীদের একটা মেলবন্ধন তৈরি করাই এই মেলার অন্যতম লক্ষ্য।’সংবাদ সম্মেলনে মেলার নানা দিক নিয়ে কথা বলেন বেসিস সফটএক্সপো-২০১১ মেলার আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর। তিনি জানান, মেলায় দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক স্বার্থে সুবিধা যাচাই করার উন্মুক্ত সুযোগ পাবেন। মেলায় বিভিন্ন প্রদর্শনী থাকছে সাতটি জোনে। এর মধ্যে বিজনেস সফটওয়্যার, ই-কমার্স, ই-গভর্নেন্স, কমিউনিকেশন, মোবাইল ফোনভিত্তিক অ্যাপ্লিকেশন, মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন এবং আউটসোর্সিং। এবার বেসিস আয়োজন করেছে তরুণদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিয়র’ এবং ‘ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড’। মেলায় থাকছে‘আইটি জব ফেয়ার’। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বেসিস সফটএক্সপো-২০১১ মেলার পৃষ্ঠপোষক জিপি আইটির প্রধান নির্বাহী কাজী ইসলাম, রিভ সিস্টেমসের বিক্রয় ও বিপণনের প্রধান খন্দকার রায়হান হোসেন, মাইক্রোসফট বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান, ব্র্যাক ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাওয়েদ ইকবালসহ আরও অনেকে। মেলার প্রবেশমূল্য ধরা হয়েছে ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা তাঁদের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড দেখিয়ে বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। এ ছাড়া বেসিসের ওয়েবসাইটে (www.softexpo.com.bd) গিয়ে নিবন্ধন করে বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। — মোছাব্বের হোসেন