কালথেকে ভারতে অভিন্ন মোবাইল ফোন নম্বর
মোবাইল ফোন নম্বর অক্ষুণ্ন রেখে কাল বৃহস্পতিবার থেকে ভারতের মোবাইল ফোন গ্রাহকেরা তাঁদের পছন্দের যেকোনো মোবাইল পরিষেবা সংস্থার পরিষেবা নিতে পারবেন। অর্থাৎ গ্রাহকেরা চাইলেই তাঁদের পরিষেবা ‘মোবাইল নম্বর পোর্টাবিলিটি’র (এমএনপি) সুযোগ পাবেন। এই পরিষেবা চালু হলে গ্রাহকেরা তাঁদের পুরোনো পরিষেবা ছেড়ে পছন্দের যেকোনো পরিষেবায় নাম অন্তর্ভুক্তি করতে পারবেন। যদিও ভারতের টেলিফোন নিয়ন্ত্রণকারী সংস্থা রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) চেয়েছিল, গত বছরের ডিসেম্বরের মধ্যে এই পরিষেবা চালু করতে। কিন্তু বিভিন্ন মোবাইল পরিষেবা সংস্থার এসংক্রান্ত প্রযুক্তির ঘাটতিগত সমস্যার কারণে যথাসময়ে চালু করতে পারেনি এই এমএনপি পরিষেবা।অবশেষে ঠিক হয়েছে কাল বৃহস্পতিবার থেকে চালু করা হবে এই এমএনপি পরিষেবা। এই পরিষেবা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে ভারতের হরিয়ানা রাজ্যের রোহতক থেকে। এই কার্যক্রম চালু হলে গ্রাহককে ১৯০০ নম্বরে এসএমএস করতে হবে। তারপর পাওয়া যাবে ইউনিক পোর্টিং কোড। এর পরে নতুন সার্ভিস প্রোভাইডারের আবেদনপত্র পূরণ করে দিলেই চার দিনের মধ্যে নতুন পরিষেবা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যাবে মোবাইল নম্বর।—অমর সাহা, কলকাতা