কালিয়াকৈরের ওয়েবসাইট চালু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ওয়েবসাইট চালু হয়েছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে গতকাল বুধবার উপজেলার নয়টি ইউনিয়ন কার্যালয়ে ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালু করা হয়। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাউদ্দিন আহসান প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ। পরে সাংসদ মোজাম্মেল হক উপজেলার ওয়েবসাইট উদ্বোধন করেন। এরপর কালিয়াকৈর উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকাবাসীর সঙ্গে ভিডিও সম্মেলন করেন। এখন থেকে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ থেকে এলাকার লোকজন ইন্টারনেটের সব সুবিধা পাবে। কালিয়াকৈরের ওয়েবসাইটের ঠিকানা: www.kaliakairupazila.gov.bd। —কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি