কিউআর কোডে জিব্রাল্টার
পর্যটকদের সুবিধার জন্য ভূমধ্যসাগরে অবস্থিত জিব্রাল্টারের বিভিন্ন পর্যটনস্থলে কিউআর কোডের (কুইক রেসপনস বার কোড) প্রচলন করা হচ্ছে। জিব্রাল্টারের ঐতিহাসিক আর গুরুত্বপূর্ণ পর্যটনস্থল এবং ঐতিহ্যবাহী প্রায় দুইশো স্থাপনায় বসতে যাচ্ছে কিউআর কোড। এর ফলে কোন স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করলেই উইকিপিডিয়ায় থাকা সংশ্লিষ্ট পর্যটনস্থল সম্পর্কিত যাবতীয় তথ্য ভেসে উঠবে উত্সুক পর্যটকের মুঠোফোনে পর্দায়। ১৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বিবিসি।পর্যটক আকর্ষণে উইকিপিডিয়া ফাউন্ডেশন ‘জিব্রাল্টাপিডিয়া’ নামের এ প্রকল্পটি গ্রহণ করেছে।এ প্রসঙ্গে জিব্রাল্টাপিডিয়া প্রকল্পের কর্মকর্তা রজার মকিন জানিয়েছেন, জিব্রাল্টার যুক্তরাজ্যের অধীনস্থ একটি এলাকা যা স্পেনের দক্ষিণে ভূমধ্যসাগরে অবস্থিত। প্রাচীন চুনাপাথরের গুহা আর নিয়ানডারথাল যুগের নিদর্শনের আকর্ষণে এখানে প্রতিবছর অসংখ্য পর্যটক আসেন। স্থান মাহাত্ম্য জানতে তাঁরা হয় বই কেনেন; নয়তো দ্বারস্থ হন টুরিস্ট গাইডের। এখন থেকে জিব্রাল্টারের আকর্ষণীয় পর্যটনস্থলগুলো সম্পর্কে জানতে তাঁদের আর কোনো বই বা টুরিস্ট গাইডের প্রয়োজন পড়বে না। কারণ জিব্রাল্টার হতে যাচ্ছে উইকিপিডিয়ার শহর। উইকিপিডিয়ায় জিব্রাল্টার সম্পর্কে যে সব তথ্য আছে, তা কিউআর (কুইক রেসপনস বারকোড) কোডের মাধ্যমে এসব এলাকায় সেঁটে দেওয়া হয়েছে। পর্যটকরা মুঠোফোনে এ কোড স্ক্যান করেই পর্যটনস্থল সম্পর্কিত উইকিপিডিয়ার তথ্য পাবেন।রজার বামকিন আরও জানিয়েছেন, কিউআর কোড হচ্ছে দ্বিমাত্রিক চিত্রের আদলের এক ধরনের বিশেষ কোড। এ কোডের মধ্যে টেক্সট, ফোন নম্বর, ইমেইল ঠিকানা থেকে শুরু করে বিশেষ বা উল্লেখযোগ্য ঘটনার তারিখও দেওয়া থাকে। এ ধরনের কোড মুঠোফোনের সাহায্যে স্ক্যান করা হলে ওয়েবসাইট লিংক তৈরি করতে পারে এবং স্মার্টফোনের পর্দায় এ সংশ্লিষ্ট তথ্য দেখাতে পারে। তিনি বলেন, ডিভিডি, সিডির মত প্রযুক্তির ব্যবহার কমিয়ে দেবে কিউআর কোডের ব্যবহার । এ কোড ব্যবহার করে অনলাইন ও অফলাইন বিশ্বের পার্থক্য দূর করতে চেষ্টা করছে উইকিপিডিয়া।সাদা-কালো পিক্সেলের ছবি বা কিউআর নামের এই কোড প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তথ্যের সংক্ষিপ্ত রূপ হিসেবে প্রচলিত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্যাকেটজাত পণ্যের গায়ে, বিলবোর্ড বা দেওয়ালে তথ্যের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার কিউআর কোডের শুরু হয়েছে। জিব্রাল্টার মিউজিয়ামের কর্মকর্তা ক্লিভ ফিনালেসন জানিয়েছেন, জিব্রাল্টার অর্থনীতির বড় অংশ পর্যটন খাত। জিব্রাল্টারে ২০১১ সালে পর্যটক হিসেবে ১ কোটি ১০ লাখ মানুষ ২৮ কোটি পাউন্ডেরও বেশি খরচ করেছেন। পর্যটক আকর্ষণ বাড়াতেই কিউআর কোডের সহায়তা নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জিব্রাল্টার পর্যটকরা তাঁদের মুঠোফোন ব্যবহার করে পর্যটনস্থলের কিউআর কোড স্ক্যান করে সরাসরি উইকিপিডিয়ার তথ্য দেখতে পারবেন। জিব্রাল্টারের প্রায় দুইশোরও বেশি পাথুরে গুহার তথ্য কিউআর কোড স্ক্যান করেই পাওয়া যাবে। জিব্রাল্টার পর্যটনস্থলগুলো সম্পর্কে উইকিপিডিয়ায় তথ্য যোগাতে কাজ করছেন বহুসংখ্যক স্বেচ্ছাসেবক। জিব্রাল্টারে তারবিহীন ইন্টারনেট সেবা চালু করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।প্রসঙ্গত, এর আগে যুক্তরাজ্যের ওয়েলসের মনমাউথ শহরটিকে কিউআর কোড ব্যবহার করে ‘উইকিপিডিয়া শহর’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন উইকিপিডিয়া সংশ্লিষ্টরা। স্মার্টফোনের সাহায্যে মনমাউথের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কিউআরকোড বিশ্লেষণ করে উইকিপিডিয়ার এ সংক্রান্ত তথ্য জানা যায়।