কিউবির সঙ্গে হুয়াওয়ের চুক্তি
বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডভিত্তিক দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অজেরের সঙ্গে চীনা প্রতিষ্ঠান হুয়াওয় একটি চুক্তি করেছে। এতে করে বাংলাদেশে অজেরের ওয়াইম্যাক্স ব্র্যান্ড ‘কিউবি’ গ্রাহকেরা আরও উন্নত ও সম্প্রসারিত নেটওয়ার্ক-সুবিধা পাবেন। সম্প্রতি চীনের সিংজুয়ানে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে সই হওয়া এ চুক্তি অনুযায়ী, হুয়াওয়ে বাংলাদেশে অজেরের জন্য সিঙ্গেলর্যান সলিউশন্স ব্যবহার করে ওয়াইম্যাক্স বিটিএস (বেজ ট্রান্সরিসিভার স্টেশন) স্থাপন করবে। সিঙ্গেলর্যান ওয়াইম্যাক্স হার্ডওয়্যার ও সফটওয়্যারের কো-প্ল্যাটফর্ম, সফটওয়্যার আপগ্রেডিং এবং প্যারালাল ট্রান্সমিটিং ফিচারের মাধ্যমে ওয়াইম্যাক্সের ডুয়েল মুডস এলটিই টিডিডি ইন্সটল করবে। এ সলিউশন্সের কারণে অপারেটরের খরচ কমবে এবং গ্রাহকেরা উন্নত প্রযুক্তির সুবিধায় ওয়াইম্যাক্সের দ্রুতগতি উপভোগ করতে পারবেন। অজের গ্রুপের প্রধান কারিগরি কর্মকর্তা মার্টিন সোয়াইনবার্ন বলেন, ‘বাংলাদেশের ব্রডব্যান্ড গ্রাহকদের বিশ্বমানের সেবা দেওয়ার জন্য হুয়াওয়েকে বেছে নেওয়া হয়েছে। এ চুক্তির কারণে আমরা কিউবি গ্রাহকদের আরও বেশি গতি ও উন্নততর নেটওয়ার্ক-সুবিধা দিতে পারব।’অজের বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি মবস বলেন, ‘অজের এবং হুয়াওয়ের মধ্যকার এ চুক্তি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা ও অর্থনীতির জন্য দ্রুতগতির এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে দেশটির প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ সুবিধার ইন্টারনেট পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে।’হুয়াওয়ের গ্লোবাল ওয়্যারলেস নেটওয়ার্ক সলিউশন্স সেলসের প্রেসিডেন্ট কেভিন হো বলেন, ‘বাংলাদেশে উন্নতমানের ব্রডব্যান্ড সেবা নিশ্চিত করতে হুয়াওয়ে এ চুক্তি করেছে।’ —নিজস্ব প্রতিবেদক